কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদে ও বিচারের দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক ও রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা।
একই দাবি ও প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ চলছে। এতে এসব এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।
সোমবার সকাল ৬ টা থেকে ঢাকা-আরিচা মহাসড়কে অবরোধ শুরু হয়। এতে প্রগতিশীল ছাত্রজোটের ব্যানারে ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা অংশ নেয়। সকাল ৯টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত শাহবাগ মোড়ে অবরোধ চলছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, তনু হত্যা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক রেজাউল করিম হত্যাসহ সারা দেশে সংঘটিত বিভিন্ন হত্যার বিচারের দাবিতে তারা মহাসড়ক অবরোধ করছে ও আধা বেলা হরতাল পালন করছে বিভিন্ন ছাত্র সংগঠন।
গত ২০ মার্চ কুমিল্লা সেনানিবাসের একটি কালভার্টের পাশে ঝোপঝাড়ে তনুর রক্তমাখা বিকৃত লাশ পাওয়া যায়। তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ আছে।
এসএম





