বুধবার (১ জুলাই) সকাল ৯টার দিকে এক দফা বৃষ্টির পর বেলা ১১টার দিকে আবারও বৃষ্টি শুরু হয়। এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থী, পথচারী ও গণপরিবহনের যাত্রীদের ভোগান্তিতে পড়তে দেখা যায়। পাশাপাশি ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়েছেন।
রাজধানীর গুলিস্তান, পল্টন, ফুলবাড়িয়া, মতিঝিল, শাহবাগসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বৃষ্টির কারণে অনেক সড়কে যানবাহনের গতি কমে গেছে। বাসস্ট্যান্ডগুলোতে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা যায়। অনেকেই ছাতা না থাকায় দোকানের ছাউনি কিংবা ভবনের নিচে আশ্রয় নেন।
মতিঝিলে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত মো. সাইদুল ইসলাম বলেন, সকালে অফিসে আসার সময় বৃষ্টিতে ভিজে যেতে হয়েছে। রাস্তায় যানজটও ছিল। সময়মতো অফিসে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।
গুলিস্তান এলাকায় বাসের জন্য অপেক্ষারত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী তাসনিম আক্তার বলেন, বৃষ্টির কারণে যানবাহন কম পাওয়া যাচ্ছে। একদিকে বৃষ্টি, অন্যদিকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। এতে ভোগান্তি বেড়েছে।
ফুটপাতের ব্যবসায়ীরাও বৃষ্টির কারণে ক্ষতির শঙ্কা প্রকাশ করেছেন। গুলিস্তানের ফুটপাত ব্যবসায়ী আব্দুল কাদের বলেন, বৃষ্টি শুরু হলেই ক্রেতা কমে যায়। অনেক সময় মালামাল ঢেকে রাখতে ব্যস্ত থাকতে হয়। বিক্রিও কমে যায়।
ফুলবাড়িয়া এলাকায় ফল বিক্রেতা মো. হেলাল উদ্দিন বলেন, সকালের বৃষ্টির পর থেকে ব্যবসা একেবারেই মন্দা। মানুষ প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছে না। ফলে বিক্রি কমে গেছে।
এদিকে আবহাওয়ার কারণে রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতারও সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। যদিও বড় ধরনের জলাবদ্ধতা দেখা যায়নি, তবে কিছু নিচু এলাকায় পানি জমে পথচারীদের চলাচলে সমস্যার সৃষ্টি হয়েছে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলের মতো রাজধানীতেও বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ফলে আগামী কয়েক দিন নগরবাসীকে এমন আবহাওয়ার জন্য প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।
এস