অস্ত্র রাখার অভিযোগে রংপুর সিটি করপোরেশনের ১৪নং ওয়ার্ড কাউন্সিলর রাজু আহম্মেদসহ দুজনকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শহরের পশ্চিম রেল কলোনি থেকে শুক্রবার গভীর রাতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, জেলার মনোহরপুরের মৃত সিরাজুল ইসলামের ছেলে রাজু আহম্মেদ এবং তার সহযোগী রংপুরের দেওডোবার গোলজার হোসেনের ছেলে মো. ফারুক হোসেন (৩৮)।
র্যাব-১৩ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, রেল কলোনিতে অবৈধ অস্ত্র বেচাকেনা হচ্ছে। সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে আমেরিকার তৈরি ৭ দশমিক ৬৫ মিমি একটি পিস্তল, এক রাউণ্ড তাজা গুলি এবং একটি ম্যাগজিনসহ রাজু ও ফারুককে গ্রেফতার করা হয়।
র্যাব-১৩-এর সহকারী পুলিশ সুপার মো. দোলন মিয়া জানান, তাদের বিরুদ্ধে ১৯৭৮ সালের অস্ত্র আইনে রংপুর কোতয়ালী থানায় মামলা হয়েছে।
র্যাব-১৩ রংপুরের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. মোস্তাফিজার রহমান মামলার বাদী হয়ে মামলাটি করেন।
জেআই





