খুলনা বিভাগের ১০ জেলায় রোববার ভোর ৬টা থেকে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বানে এই ধর্মঘট পালিত হচ্ছে।
সাত দিনের আলটিমেটামে ৩ দফা দাবি মেনে না নেয়ায় শনিবার প্রেস ক্লাব যশোরে সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্য সচিব আবদুর রহিম বক্স দুদু এ কর্মসূচির ঘোষণা দেন।
দুদু বলেন, ৮ মে পরিষদের বর্ধিত সভায় সরকারের কাছে ৩ দফা দাবি জানিয়ে ১৪ মে পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়। তবে এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে এখনও কোনো পদক্ষেপ নেয়া হয়নি। ধর্মঘটের আওতায় বাস-ট্রাক, ট্যাংক-লরি, কাভার্ড ভ্যানসহ সব ধরনের যাত্রী ও পণ্যবাহী যানবাহন রয়েছে।
৩ দফা দাবির মধ্যে রয়েছে- সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ ৫ জন নিহতের ঘটনায় দায়েরকৃত মামলার বিচার কাজ নিরপেক্ষভাবে শেষ করতে হবে। নিহতদের পরিবারের পক্ষ থেকে ক্ষতিপূরণ চেয়ে দায়ের করা মামলা প্রত্যাহার করতে হবে।
ওই মামলায় ৭ কোটি ৭৬ লাখ ২৫ হাজার টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। মামলা বর্তমানে হাইকোর্টে বিচারাধীন। এছাড়াও গ্রিন লাইন পরিবহনের নামে সিলেট জেলা ও দায়রা জজ আদালতে দায়ের করা মামলাটি প্রত্যাহার করতে হবে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিবহন সংস্থা শ্রমিক সমিতির সভাপতি আজিজুল ইসলাম মিন্টু ও সাধারণ সম্পাদক মোর্তজা হোসেন।
এমবি





