মেয়াদোত্তীর্ণ পণ্য রাখা, মূল্য তালিকা প্রদর্শন না করা ও ফুটপাত দখল করে নোংরা পরিবেশে খাবার তৈরির দায়ে খুলনায় চার ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ৭৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১৯ জুন) খুলনার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এই জরিমানা করেন।

তিনি জানান, মালেক ডিপার্টমেন্টাল স্টোরকে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না থাকায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে মালিককে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আকবর ডিপার্টমেন্টাল শপকে মূল্য তালিকা প্রদর্শন না করায় ১৫ হাজার টাকা অর্থদণ্ড, উন্মুক্ত স্থানে ফুটপাত দখল করে নোংরা পরিবেশে রাঁধুনি হোটেলে খাবার তৈরির অপরাধে ৭ হাজার টাকা অর্থদণ্ড এবং ঢাকা হাজী বিরিয়ানির সেলসম্যানের হাতে বড় নক রাখার দায়ে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

নগরীর ময়লাপোতা এলাকায় এসব দোকানের অবস্থান।

অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশনের সিনিয়র ভেটেরিনারি সার্জন মো. রেজাউল করিম, সদর থানা ও মেট্রোপলিটন পুলিশের সদস্যসহ অন্য প্রশাসনিক কর্মকর্তারা।

ওএফ