প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিমন্ত্রণ পৌঁছে দিলেন ঢাকা সফররত দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। প্রধানমন্ত্রীর প্রেসসচিব শামীম চৌধুরী এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
বৃহস্পতিবার সকালে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর সঙ্গে ৪৫ মিনিটের দ্বিপাক্ষিক বৈঠক শেষে পৌনে ১২টার দিকে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান।
প্রধানমন্ত্রীর সঙ্গেও তিনি প্রায় ৪৫ মিনিট বৈঠক করেন। এর মধ্যে কিছু সময় শেখ হাসিনা ও সুষমা স্বরাজ রুদ্ধদ্বার বৈঠক করেন। বৈঠকে দু’দেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এর আগে সকাল ১০টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আরও উপস্থিত ছিলেন ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণ, ভারতে বাংলাদেশের হাইকমিশনার তারেক এ করিম ও পররাষ্ট্রসচিব শহীদুল হক।
বৈঠক শেষে সংবাদ মাধ্যমকে কিছু জানানো হয়নি। এ বিষয়ে দুপুর আড়াইটায় মন্ত্রণালয়ে একটি প্রেস ব্রিফিং করবেন পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী। ব্রিফিংয়ে বৈঠকের আলোচনা বিষয়ে জানানো হবে।
ঢাকা, ২৬ জুন (টাইমনিউজবিডি.কম)// এসএইচ





