নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় স্বামী ও শাশুড়ির সঙ্গে ঝগড়াকে কেন্দ্র করে রুজিনা আক্তার (২০) নামে এক গৃহবধূ নিজ শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের টানমুশুরী এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত রুজিনা আক্তার ওই এলাকার ছানাউল্লাহ মিয়ার দ্বিতীয় স্ত্রী। এ ঘটনায় তার শাশুড়ি সুর্যা বানুকে আটক করেছে পুলিশ।
রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মহসিন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুই বছর পূর্বে টান মুশুরী এলাকার কোরবান আলীর ছেলে ছানাউল্লাহ মিয়ার সঙ্গে গাজীপুর জেলার কালীগঞ্জ থানার বালিগঞ্জ এলাকার ইমান হোসেনের মেয়ে রুজিনা আক্তারের বিয়ে হয়।
বিয়ের কিছু দিন পর রুজিনা আক্তার জানতে পারেন তার স্বামী ছানাউল্লাহ মিয়া আরও একটি বিয়ে করেছেন। এ নিয়ে দু’জনের মধ্যে প্রায়ই ঝগড়ার সৃষ্টি হতো।
বুধবার বিকেলে দ্বিতীয় বিয়ে নিয়ে স্বামী ছানাউল্লাহ মিয়া ও শাশুড়ি সুর্যা বানুর সঙ্গে রুজিনার ঝগড়া হয়। পরে রাত ১২টার দিকে অভিমান করে রুজিনা নিজের শরীরে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেন।
পরে আত্মচিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে রুজিনাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
এসআই আরও জানান, এ ঘটনায় গৃহবধূ রুজিনার বাবা ইমান আলী বাদী হয়ে রূপগঞ্জ থানায় হত্যায় প্ররোচণার একটি মামলা করেছেন।
মামলার আসামি সুর্যা বানুকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান এসআই।
ঢাকা, ১৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ





