জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালীতে আলুবোঝাই একটি ট্রাক পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত আটটার দিকে রায়কালী বেড়াগ্রাম সড়কের খাঁপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটেছে। রায়কালী হাট থেকে আলু নিয়ে ট্রাকটি ঢাকার উদ্দেশে যাচ্ছিল।

ট্রাকটির চালক জাহাঙ্গীর মোল্লা জানান, আলু বোঝাই ট্রাকটি নিয়ে তিনি রাত সাতটার দিকে রায়কালী বাজার থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন। রায়কালী-বেড়াগ্রাম সড়কের রায়কালী খাঁপাড়া নামক স্থানে পৌঁছুলে ট্রাকের চাকায় পেরেক ঢুকে হাওয়া চলে যায়। তিনি সড়কের ওপর ট্রাকটি আটকে রেখে মেরামতের কাজ করছিলেন। এসময় ৭/৮ জন লোক এসে তাঁর সহকারী  নাঈমকে (১৫) মারধর করে ট্রাকে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। মূহুর্তের মধ্যে ট্রাকের সামনের অংশ পুড়ে যায়।

রায়কালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য বেলাল হোসেন মুঠোফোনে  জানান. আজ মঙ্গলবার রায়কালী হাটের দিন। আলুবোঝাই একটি ট্রাক (নম্বর খুলনা মেট্রো-ট-১১-১২৩৪) ঢাকার উদ্দেশে রায়কালী  ছেড়ে যায়। ট্রাকে আগুন লাগার ঘটনা জানতে পেরে তিনি ঘটনাস্থলে এসেছেন।

ঘটনাস্থলে থাকা থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম জানান, দুর্বত্তরা পেট্রোল ঢেলে ট্রাকটিতে আগুন দিয়েছে। এতে ট্রাকের সামনের অংশ এবং কেবিন পুড়ে গেছে।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

জেআই