বিলম্বে হলেও বিএনপি নেত্রী খালেদা জিয়ার বোধোদয় হয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, ‘খালেদা জিয়া বাস্তবতা থেকে সরে গিয়েছিলেন। এখন থেকে তিনি সঠিক পথ অনুসরণ করবেন বলে জনগণ আশা করে।’

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী ফতেহপুরে ফোর-লেন প্রকল্পের ওভারপাসের কাজের পরিদর্শনকালে রবিবার দুপুরে এসব কথা বলেন তিনি।

ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘বিগত ৮ সিটি কর্পোরেশন নির্বাচন যেভাবে অবাধ নিরপেক্ষ হয়েছে, তেমনি এ ৩টি নির্বাচনও নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করে একটি সুষ্ঠ নির্বাচন উপহার দেবে।’

মন্ত্রী বলেন, ‘চলতি বছরের জুলাই নাগাদ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফোর-লেনের কাজ শেষে হবে। জুলাই মাসেই এ সড়ক উদ্ধোধন করা হবে। যাতে জনগণ নির্বিঘ্নে ঈদ ও রোজায় বাড়ি ফিরতে পারেন।’

এ সময় উপস্থিত ছিলেন, ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ফোর-লেন প্রকল্পের অতিরিক্ত পরিচালক অরুণ আলো চাকমা প্রমুখ।

জেআই