সনদ ভুয়া হওয়ায় সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ৩১ কর্মর্কর্তা-কর্মচারীর মুক্তিযোদ্ধার সনদ ও তাদের নামে প্রকাশিত গেজেট বাতিল করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে রোববার এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
মন্ত্রণালয়ের উপ-সচিব মো. সলিমুল্লাহ স্বাক্ষরিত আদেশে বলা হয়, ২৯ জনকে এনএসআই (জাতীয় গোয়েন্দা পরিদফতর) ও একজনকে জেলা প্রশাসকের প্রতিবেদনের ভিত্তিতে সনদ বাতিল করা হয়েছে। এ ছাড়া আরও একজনকে মন্ত্রীর নির্দেশে সনদ বাতিল করা হয়েছে।
সর্বশেষ গত ২১ জুলাই ৩৫ মুক্তিযোদ্ধার সনদ ও গেজেট বাতিল করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এ পর্যন্ত মোট ১৮২ জনের মুক্তিযোদ্ধা সনদ বাতিল করা হয়েছে বলে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।
সনদ বাতিলের তালিকায় যারা: সনদ বাতিল হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (এপিডি উইংয়ে ন্যস্ত) এম মাহবুব উল আলম, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আবদুল হামিদ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সিরাজুল ইসলাম ও প্রকল্প পরিচালক এস এম সেলিম, পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সাইদুর রহমান, সড়ক ও জনপথের উপসহকারী প্রকৌশলী কে এম আবুল হোসেন।
বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক এ কে এম আতাউল ইসলাম, যশোরের মৃণাল কান্তি মিত্র, কাস্টমসের রাজস্ব কর্মকর্তা নাজমুল কবির, মোস্তাক আহমেদ, নিলুফা সুলতানা। গাজীপুরের কাপাসিয়া খাদ্যগুদামের খাদ্য পরিদর্শক আবদুল মালেক, নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাবরক্ষক আবদুল মান্নান, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রধান সহকারী খান সিরাজুল ইসলাম ও নিরাপত্তা পরিদর্শক ফয়েজ কবিরের সনদও বাতিল করা হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদফতরের এস এম আলাউদ্দিন, গাজীপুরের সাব-রেজিস্ট্রার তৌফিক এলাহী, মাদারীপুরের ৭ নং নরেরকান্দা রেজিস্ট্রার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুর রউফ মোল্লা, টাঙ্গাইলের সরাতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মতিয়ার রহমান, নওগাঁর বাদরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খগেন্দ্র নাথ সাহা, সাতক্ষীরার দক্ষিণ শাহপুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহিউদ্দিন মোড়ল,
নওগাঁ মান্দার সহকারী শিক্ষক আফাছ উদ্দিন সরকার, চট্টগ্রাম জেলা পুলিশের উপপরিদর্শক নিরঞ্জন কুমাররায়, বিএডিসির হিসাবরক্ষণ কর্মকর্তা মনীষা রঞ্জন রায়, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আসাদউজ্জামান, অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের কর্মকর্তা আলাউদ্দিন ও টালী করণিক আবদুল রউফ সরকার ও ঝিনাইদহের হাফিজুর রহমান, চট্টগ্রামের কর অঞ্চল-৩ এর সাঁটমুদ্রাক্ষরিক আলমগীর কবীর চৌধুরী (অবসর) সনদ এনএসআই’র প্রতিবেদনের ভিত্তিতে বাতিল করা হয়েছে।
চট্টগ্রামের জেলা প্রশাসকের প্রতিবেদনের ভিত্তিতে হাটহাজারীর ওয়ালী আহমেদের (কর্মস্থল নেই) সনদ বাতিল করা হয়েছে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের নির্দেশে সিলেট জেলা রেজিস্ট্রি অফিসের প্রধান সহকারী মো. মাসুদুল হকের মুক্তিযোদ্ধা সনদ বতিল করা হয়েছে।
ঢাকা, ১০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর





