প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে অসংখ্য জলাভূমি রয়েছে, এর সঠিক ব্যবহার করলে কখনও মাছের অভাব হবে না।
আজ বুধবার সকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইন্সটিটিউশনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৭ উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী এ কথা বলেন। এ সময় মৎস্যখাতে অবদান রাখায় ১৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পদক তুলে দেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, মৎস্য সম্পদ বৃদ্ধি করতে গভীর সমুদ্রের সম্পদকে কাজে লাগাতে হবে। মাছের উৎপাদন বৃদ্ধি করতে সমুদ্রের পাশাপাশি দেশের সব অঞ্চলের জলাশয়ের সর্বোচ্চ ব্যবহার করতে হবে। বর্তমান সরকার খাদ্যের পাশাপাশি পুষ্টির চাহিদা নিয়েও কাজ করছে বলে জানান তিনি।
শেখ হাসিনা বলেন, মৎস্য সম্পদ বৃদ্ধিতে হাওর এবং উত্তরাঞ্চলের ব্যাপক সম্ভাবনা রয়েছে। তাই বিশেষ করে কিশোরগঞ্জ, সিলেট ও নেত্রকোনা এলাকায় মৎস্য উৎপাদন বাড়াতে হবে। তার সঙ্গে মৎস্য প্রক্রিয়াজাতকরণ আধুনিক ল্যাব তৈরি করতে হবে।
বিদেশে মাছ রপ্তানিতে অসদুপায় অবলম্বন বন্ধ করতে মৎস্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, অতীতে মাছ রপ্তানিতে বাংলাদেশের অবস্থান খারাপ ছিল তবে বর্তমানে বিশ্বের অনেক দেশে বাংলাদেশের মাছ জনপ্রিয়। তাই দেশের সম্মান অক্ষুন্ন রাখতে মাছ রপ্তানির সময় ফরমালিনের অপব্যবহারসহ নানা ধরণের অসদুপায় বন্ধ করতে সবাইকে সর্তক হতে হবে।
এ সময় আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে পুরস্কৃত হয় আর বিএনপি আসলে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক বলেন, ২০১৫-১৬ অর্থবছরে দেশে ৩৮ লাখ ৭৮ হাজার টন মাছ উৎপাদন হয়েছে। ২০১৬-১৭ অর্থবছরে ৪০ লাখ ৫০ হাজার মৎস্য উৎপাদন হবে বলে আশা করছি। আর চলতি অর্থবছরে মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারব।
২০১৬-১৭ অর্থবছরে সরকারি-বেসরকারি পর্যায়ে প্রায় এক লাখ ৫০ হাজার সুফলভোগীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। টেকসই উন্নয়নের লক্ষ্যে মৎস্য বিষয়ে কারিগরি জ্ঞানসম্পন্ন দক্ষ জনবল গড়ে তোলার উদ্দেশ্যে চাঁদপুর জেলায় মৎস্য ডিপ্লোমা ইন্সটিটিউট স্থাপন করা হয়েছে। এছাড়া গোপালগঞ্জ, কিশোরগঞ্জ ও সিরাজগঞ্জে আরও তিনটি ডিপ্লোমা ইন্সটিটিউট স্থাপনের কাজ শেষ হওয়ার পথে বলেও জানান তিনি।
এমবি





