খুলনার পাইকগাছা উপজেলার বেতবুনিয়া বাজার সংলগ্ন ফেরিঘাট থেকে বাঘের ১৫টি হাড়সহ গোলাম রসুল (৪৫) ও খলিল গাজী (৩২) নামে দুই পাচারকারীকে আটক করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (২১ জুলাই) বেলা সাড়ে ১১টায় নগরীর লবণচরাস্থ র‌্যাব ৬-এর সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

আটক গোলাম রসুল খুলনার কয়রা উপজেলার ভাগবা গ্রামের মৃত ওয়াজেদ গাজীর ছেলে ও খলিল গাজী পাইকগাছা উপজেলার বেতবুনিয়া গ্রামের মোক্তার গাজীর ছেলে।

সংবাদ সম্মেলনে র‌্যাবের স্পেশাল কোম্পানির কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. এনায়েত হোসেন মান্নান বলেন, ২০ জুলাই (বুধবার) সন্ধ্যায় হাড় কেনার কথা বলে ক্রেতা সেজে পাচারকারীদের সঙ্গে র‌্যাবের সোর্স যোগাযোগ করে। এ সময় ছোট-বড় বিভিন্ন সাইজের ১৫টি হাড় ২৫ থেকে ৩০ হাজার টাকায় বিক্রির চুক্তি হয়। চুক্তি মোতাবেক পাচারকারীরা একটি বাজারের ব্যাগে হাড়গুলো নিয়ে আসলে তাদের আটক করা হয়।

তিনি জানান, এই চোর ও শিকারী চক্র বছরের পর বছর সুন্দরবনে ফাঁদ পেতে, গুলি করে এবং বিষটোপ দিয়ে বাঘ ও হরিণ শিকার করে আসছে। চামড়া ছাড়িয়ে মাংস, চামড়া, দাঁত ও হাড়সহ বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ দালাল চক্রের মাধ্যমে বিদেশে পাচার করে থাকে এরা।

সুন্দরবনে দস্যুতা দমন, বাঘের চামড়া, হাড়, হরিণের মাংস ও চামড়া উদ্ধার এবং এর সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে র‌্যাব-৬ এর মেজর মো. সুরুজ মিয়াসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ওএফ