নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় শুক্রবার রাতে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে ৪০ লাখ টাকার তৈরি পোশাক পুড়ে গেছে। খবর পেয়ে আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন অন্তত ১০ জন।

ফতুল্লার কাঠেরপুল এলাকার নেপেল নিটওয়্যার গার্মেন্টসে শুক্রবার রাত পৌনে ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কারখানার মালিক মিজানুর রহমান জানান, আগুনে শিপমেন্টের জন্য মজুদ করা বিপুল পরিমাণ তৈরি পোশাক পুড়ে গেছে। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

এদিকে আগুন নেভাতে গিয়ে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে মামুন, সাইদুল, রাব্বি ও শাওনের নাম জানা গেছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মমতাজ হোসেন জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধাঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

কেএইচ