ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় বজ্রপাতে দেলোয়ার হোসেন (১২) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

বৃহস্পতিবার (০৭ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কান্দাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দেলোয়ার উপজেলার গুজিরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র এবং সদর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের আতর খাঁর ছেলে।

স্থানীয়রা জানান, নিজ বাড়ির বারান্দায় বসেছিল স্কুল ছাত্র দেলোয়ারসহ কয়েকজন। এ সময় বজ্রপাতে গুরুতর আহত হয় দেলোয়ায়।

পরে তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত দেলোয়ারের ছোট বোন রহিমা খাতুন (৯) ও ভাই বড় মোশাররফ হোসেন খানকে (৩২) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ওই ঘটনায় আহত হারুন অর রশিদ (৩২) নামে অপর এক ব্যক্তিকে একই হাসপাতালে ভর্তি করা হয়।

ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. কামরুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে আহত ৩ জনের মধ্যে অবস্থার অবনতি হওয়ায় মোশাররফ ও স্থানীয় পঞ্চনন্দপুর গ্রামের হারুন অর রশিদকে সকাল ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ইআর