শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদকে সম্প্রতি স্বপরিবারে হত্যার হুমকির প্রতিবাদে ‘সিলেটের শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও শিক্ষাঙ্গনের সচেতন ব্যক্তিত্ব ও কর্মীবৃন্দ’র ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বুধবার সকাল ১১টায় মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন সিলেটের শিক্ষানুরাগী, বিশ্ববিদ্যালয়-কলেজের শিক্ষক, শিক্ষার্থী, রাজনীতিবিদ, সংস্কৃতি ও প্রগতিশীল সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ।
প্রায় এক ঘণ্টা চলা মানববন্ধন শেষে সিলেটের সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবি শুভেন্দু ইমামের সভাপতিত্বে এবং আইনজীবী মোহাম্মদ আব্বাছ উদ্দিনের পরিচালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আমিনুল ইসলাম ভূঁইয়া, সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য ড. মো. সালেহ উদ্দিন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, জাসদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক লোকমান আহমদ, গণতন্ত্রীপার্টির সভাপতি ব্যারিস্টার আরশ আলী, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, সিলেট চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সালাহউদ্দিন আলী আহমদ, মণিপুরি সাহিত্য সংসদের সভাপতি এ কে শেরাম, মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগরের কমান্ডার ভবতোষ বর্মণ রায়, সাংবাদিক আল-আজাদ, ইকরামুল কবির প্রমুখ।
মানববন্ধনে সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
৮ এপ্রিল মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে শিক্ষামন্ত্রীকে স্বপরিবারে হত্যার হুমকি দেওয়া হয়। ৯ এপ্রিল শিক্ষামন্ত্রীর এপিএস মন্মত রঞ্জন বাড়ৈ ঢাকার রমনা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি এন্ট্রি নম্বর- ৮১৭) করেন।
জেআই





