মাগুরার শালিখা উপজেলা সদরে এক সড়ক দুর্ঘটনায় জেলা আওয়ামী লীগ নেতার স্ত্রী নিহত হয়েছেন। নিহত স্ত্রীর নাম ঝর্ণা বেগম (৪৮)।
গত বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, নিহতের স্বামী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কামাল হোসেন। রাত সাড়ে ১১টার দিকে তিনি ও তার স্ত্রী ঝর্ণা বেগম স্থানীয় আওয়ামী লীগ নেতা হোসেন মুন্সী বাড়ির এক অনুষ্ঠান থেকে শালিখা উপজেলা পরিষদের পিছনের তাদের বাড়িতে ফিরছিলেন।
এ সময় তিনি নিজে শালিখা উপজেলা পরিষদের গেটের কাছে মাগুরা-যশোর মহাসড়ক পার হন। তার পেছনেই তার স্ত্রীও রাস্তা পার হচ্ছিলেন।
এ সময় যশোরের দিক থেকে আসা দ্রুতগামী একটি বাস তার স্ত্রীকে চাপা দিয়ে রেখে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার স্ত্রী ঝর্ণা বেগম মারা যান।
তার মৃত্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাডভোকেট বীরেন শিকদার শোক প্রকাশ করেছেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়া মাগুরা জেলা ও শালিখা উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দল, শালিখা প্রেসক্লাব ও উপজেলা মুক্তিযুদ্ধা সংসদের পক্ষ থেকে নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।
শালিখা থানার অফিসার ইন চার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, এ ঘটনায় শালিখা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘাতক বাসটিকে আটক করার চেষ্টা চালানো হচ্ছে।
ঢাকা, ১২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ





