সড়ক দুর্ঘটনা থেমে নেই ঈদের দিনেও। অনেকে আনন্দের দিনটি কান্না আর শোকের দিনে পরিণত হয়েছে। মঙ্গলবার ঈদের দিনে বিকাল পর্যন্ত সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ২০ জন। এর মধ্যে নোয়াখালীতে ৮ জন, নারায়ণগঞ্জে ৪, ভোলায় ৩, ফরিদপুরে ৪ এবং মাগুরায় ১ জন।
আমাদের স্থানীয় প্রতিনিধিদের দেয়া তথ্য অনুযায়ী:
নোয়াখালী: সোমবার দিবাগত রাত ৩টার দিকে রামগঞ্জ-চট্টগ্রাম সড়কের নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগ পূর্ব বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বলাকা সার্ভিসের একটি বাস খালে পড়ে যায়। এতে দুই শিশু ও এক নারীসহ অন্তত ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪০ জন।
নিহতরা হলেন- লক্ষ্মীপুর জেলার রামগঞ্জের সেলিনা আক্তার, কোহিনুর বেগম, আবু তাহের। বাকিদের পরিচয় জানা সম্ভব হয়নি।এরা সবাই চট্টগ্রাম থেকে ঈদ উদযাপনের জন্য বাড়ি ফিরছিলেন।
নারায়ণগঞ্জ: মঙ্গলবার ভোর সাড়ে ৪টায় সিদ্ধিরগঞ্জের ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্ক রুটের জালকুড়ি কড়ইতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার খাদে পড়ে ৪ জন নিহত হয়েছে।
নিহতদের পরিচয় জানা যায়নি। তবে তারা সবাই সদর থানা এলাকার নলুয়া ও তামাকপট্টির বাসিন্দা বলে জানিয়েছেন পুলিশ।
ভোলা: মঙ্গলবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে ভোলার চরফ্যাশন উপজেলার কত্তারহাট এলাকায় যাত্রীবাহী বাস গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।
নিহত তিন জনের মধ্যে দুইজনের নাম পরিচয় পাওয়া গেছে। তারা হলেন-হেলাল (৩৫) ও সালাউদ্দিন (৪৭)।
ফরিদপুর: মঙ্গলবার সকাল ১১টার দিকে ফরিদপুরের ভাঙার চুমুরদী এলাকায় গাছের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কা লেগে চালক ও তিন যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৫ জন।
মাগুরা: গতকাল সোমবার রাত ১০টার দিকে ঈদের কেনাকাটা করে ইঞ্জিন চালিত নসিমনে চড়ে মাগুরা-ঝিনাইদহ সড়কে দুর্ঘটনায় সোহেল নামে এক যুবক নিহত ও ৩ জন আহত হয়েছেন।
ঢাকা, ২৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই





