জাকাত নিতে গিয়ে ময়মনসিংহের একটি জর্দা কারখানায় পদদলিত হয়ে ২৭ জন নিহত হওয়ার ঘটনায় পৃথক ৩টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

পুলিশ সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা এ কে এম কামরুল আহসান টাইমনিউজবিডিকে এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ সদর দফতর ও ময়মনসিংহ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যের এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে এক সদস্যের পৃথক তিনটি কমিটি গঠন করা হয়।

এর মধ্যে পুলিশ সদর দফতর থেকে ঢাকা জেলার অতিরিক্ত ডিআইজি শফিকুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের কমিটি করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন, এপিবিএনের কমান্ডেন্ট মোস্তফা কামাল এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিঅ্যান্ডপিএস বিভাগের এএসপি আফজাল হোসেন। এ কমিটিকে আগামী ৫ কার্যদিবসের মধ্যে পুলিশ হেডকোয়ার্টারে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) মঈনুল হক জানান, এ ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা পুলিশ সুপার (দক্ষিণ) আবু আহাম্মদ আল মামুনকে প্রধান করে পুলিশের পক্ষ থেকে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন, ময়মনসিংহ মডেল থানার এএসপি আবদুর রশিদ এবং ময়মনসিংহ জেলা পুলিশের ডিস্ট্রিক্ট ইনটেলিজেন্ড (ডিআই১) পরিদর্শক ইমরান হোসেন।এ কমিটিকে আগামী ৩ কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

অন্যদিকে ময়মনসিংহ জেলা প্রশাসক মোস্তাকিম বিল্লাহ ফারুকি জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মল্লিকা খাতুনকে প্রধান করে এক সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি করা হয়েছে। আগামী ৩দিন কার্য দিবসের প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) ভোর ৫টার দিকে ময়মনসিংহের শহরের নূরানী জর্দা কারখানায় জাকাত নিতে এসে পদদলিত হয়ে ২০জন নিহত হয়। এ ঘটনায় কারখানার মালিকসহ ৮ জনকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, নূরানি জর্দা ফ্যাক্টরির পক্ষ থেকে দুস্থ-অসহায় নারীদের মধ্যে যাকাতের কাপড় বিতরণ করার ঘোষণা দেয়া হয় বৃহস্পতিবার রাতে। খবর পেয়ে হাজারো নারী-পুরুষ মধ্যরাতের পর থেকেই অতুল চক্রবর্তী রোডে ফ্যাক্টরির গেটের সামনে জড়ো হয়।

সেহরির পরে ফ্যক্টরির গেট খুলে দেয়া হয়। এসময় গেট দিয়ে একসঙ্গে শত শত লোকজন ঢোকার চেষ্টা করলে হড়োহুড়ি লেগে যায়। এতে পদদলিত হয়ে ঘটনাস্থলেই অন্তত ২৭ জনের মৃত্যু হয়। এদের বেশিরভাগই নারী।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। তবে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের ভর্তি করা হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে।

পদদিলিত হয়ে ২৭ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহের পুলিশ সুপার মইনুল হক। তিনি জানান, ঘটনার পর ফ্যাক্টরির মালিকসহ ৮ জনকে আটক করা হয়েছে।

 

এমআর