ঢাকার ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়িতে চড়ে রাজধানীর বঙ্গবাজার থেকে গুলিস্তানে অবস্থিত নগর ভবনে আসেন সিটি নির্বাচনে নবনির্বাচিত দক্ষিণের মেয়র সাঈদ খোকন।
আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রাজধানীর বঙ্গবাজার থেকে ঘোড়ার গাড়িতে চড়ে গুলিস্তানে অবস্থিত নগর ভবনে যান তিনি।
এ সময় সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সাঈদ খোকন।
তিনি বলেন, খুব শিগগিরই সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ঘাটতি বাজেট পূরণ করে নগরবাসীর জন্য বিভিন্ন সেবা নিশ্চিত করবেন।
খোকন বলেন, আমার পিতা ঢাকার মেয়র ছিলেন। নগরবাসী আমার মাঝে তাঁর প্রতিচ্ছবি খুঁজে পেয়ে নগরের খেদমত করার দায়িত্ব দিয়েছেন। আমার বাবা যেমন এই শহরের মানুষের সুখে-দুঃখে পাশে ছিলেন। আমিও তাঁদের পাশে থাকার অঙ্গীকার করছি।
সিটি করপোরেশনের ৫ শ কোটি টাকার বাজেট ঘাটতির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নবনির্বাচিত এই মেয়র বলেন, আমিও এটা শুনেছি। সরকারের উচ্চ পর্যায়ে কথা বলব। কীভাবে এটা কাভার করা যায়। খুব অল্প সময়ের মধ্যে আমি সরকারের উচ্চ পর্যায়ে কথা বলব।
এসএইচ





