গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল।
তিনি শুক্রবার সকাল ১০টার দিকে বিপসটে এসে পৌঁছালে ইনস্টিটিউটের কমান্ড্যান্ট মেজর জেনারেল মাকসুদুর রহমান তাকে স্বাগত জানান।
বিপসট প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন নিশা। পরে বিপসটের কার্যক্রম ঘুরে দেখেন তিনি।
এরপর প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে জাতিসংঘে শান্তি রক্ষা বিষয়ে বিপসটের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মিলিত হন নিশা দেশাই। এসময় বিপসটের সার্বিক কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করা হয়। পরে শান্তি রক্ষাসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনাসহ দুই দেশের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা।
বৈঠক শেষে নিশা দেশাই বিদ্রোহী দল দ্বারা আকান্ত জাতিসংঘের উদ্বাস্তু বেসামরিক লোকদের উদ্ধারের মহড়া প্রত্যক্ষ করেন এবং শান্তিরক্ষী মিশনে অংশ নেওয়া বাংলাদেশের সেনাবাহিনীর সদস্যদের প্রশংসা করেন।
এসময় তিনি সাংবাদিকদের বলেন, সারা বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সবচেয়ে বড় অংশগ্রহণকারী দেশ। এ কারণে শান্তিরক্ষায় বাংলাদেশ শীর্ষস্থানে রয়েছে।
শান্তিরক্ষা মিশনে কাজ করতে গিয়ে নিহত ১১৮ জন বাংলাদেশীর প্রতি অশেষ কৃতজ্ঞতা জানান তিনি। এসময় শান্তিরক্ষা মিশনের কাজে যুক্তরাষ্ট্রের সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখা হবে বলেও তিনি জানান।
জেআই





