রাজশাহীর পদ্মা ক্লিনিকে চিকিৎসকদের ভুলে তিনদিন অচেতন আদিবাসী স্কুল শিক্ষক বাবুলাল তীর্কি। ওই ক্লিনিকে অপারেশনের পর অবস্থার অবনতি হলে ক্লিনিকের লোকজন রোগীকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠিয়ে দিয়েছেন।

পদ্মা ক্লিনিকের চিকিৎসকরা দাবি করেছেন, কোনো ভুল চিকিৎসা হয়নি। অপারেশন শেষে রোগীর উচ্চ রক্তচাপজনিত সমস্যা দেখা দেয়। মৃদু স্ট্রোক হওয়ার কারণে তিনি অচেতন হয়ে পড়েন এবং তাকে রামেক হাসপাতালে পাঠানো হয়।

এদিকে রামেক হাসপাতালের চিকিৎসকরা বলছেন, অপারেশনের কোনো ভুলের কারণেই রোগীর এ অবস্থা হয়েছে।

বাবুলাল তীর্কির বাড়ি রাজশাহীর গোদাগাড়ি উপজেলায়। তিনি স্থানীয় ইদলপুর কান্তপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি অ্যাপেন্ডিসাইটিসে আক্রান্ত হওয়ায় গত বুধবার গোদাগাড়ির প্রেমতলি স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ডা. কবিরুজ্জামানের পরামর্শে নগরীর পদ্মা ক্লিনিকে ভর্তি হন।

ওই দিনই বিকেল ৫টায় ডা. কবিরুজ্জামান নিজেই বাবুলালের অপারেশন করেন। কিন্তু রাত ১১টার দিকে হঠাৎ করে প্রচণ্ড জ্বর ও মাথাব্যথা শুরু হয়ে অবস্থার অবনতি হয় রোগীর এবং অচেতন হয়ে পড়েন।

এ সময় রোগীর ভাই বাবুল তীর্কি বিষয়টি ক্লিনিকে উপস্থিত চিকিৎসকদের জানান। চিকিৎসকরা জানান, কোনো সমস্যা নেই, জ্ঞান ফিরে আসবে। কিন্তু গত বৃহস্পতিবার পর্যন্ত জ্ঞান ফিরে না এলে গত শুক্রবার সকালে ক্লিনিকের লোকজন বাবুলালকে রামেক হাসপাতালে পাঠিয়ে দেন।

শনিবার দুপুরে হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডের পুরুষ সার্জারি বিভাগে গিয়ে দেখা যায়, বেডে অচেতন হয়ে পড়ে আছেন বাবুলাল। সঙ্গে থাকা বোন কল্পনা তীর্কি জানান, বুধবার রাত ১১টার দিকে অচেতন হওয়ার পর এখনও জ্ঞান ফেরেনি তার ভাইয়ের। তাদের অভিযোগ, ক্লিনিকের ‘ভুল’ চিকিৎসার কারণেই এমন হয়েছে।

রামেক হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান ডা. আব্দুল মোমেন জানান, কী কারণে বাবুলাল অচেতন হয়ে আছেন তা পর্যবেক্ষণের জন্য আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) নেওয়ার চেষ্টা চলছে। শয্যা খালি না থাকায় তাকে নেওয়া যাচ্ছে না।

তিনি বলেন, অপারেশনে কোনো ত্রুটি হওয়ার কারণেই রোগী অচেতন হয়ে আছেন। বাবুলালের অবস্থা খুব ভালো নয়। বাঁচা-মরা এখন ফিফটি-ফিফটি।

পদ্মা ক্লিনিকের দায়িত্বে থাকা ডা. আবীর জানান, বাবুলালের কোনো ভুল চিকিৎসা হয়নি। অ্যাপেন্ডিসাইটিস অপারেশনের পরে তিনি সুস্থ ছিলেন। অপারেশনের পর তার জ্ঞানও ফিরে এসেছিল। কিন্তু অপারেশনের প্রায় চারঘণ্টা পর উচ্চ রক্তচাপজনিত কারণে মৃদু স্ট্রোক হওয়ায় তিনি অচেতন হয়ে পড়েন।

ঢাকা, ২৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ