টাঙ্গাইল- ৪ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এটি সাবেক সাংসদ আবদুল লতিফ সিদ্দিকীর শূন্য আসন। আগামী ২৮ অক্টোবর ওই আসনে ভোট হবে।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ এ ঘোষণা দেন।

নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর। মনোনয়নপত্র যাচাইবাছাই হবে ৩ অক্টোবর। প্রত্যাহারের শেষ সময় ১১ অক্টোবর।

গত ১ সেপ্টেম্বর জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার মধ্য দিয়ে সংসদ সদস্যপদ থেকে ইস্তফা দেন আবদুল লতিফ সিদ্দিকী। গত সেপ্টেম্বরে নিউইয়র্কে পবিত্র হজ ও তাবলিগ জামাত নিয়ে বিরূপ মন্তব্য করার পর মন্ত্রিত্ব হারান এবং দল থেকে তিনি বহিষ্কৃত হন। আওয়ামী লীগ থেকে তাঁর সংসদ সদস্যপদ বাতিলের আবেদন করা হলে স্পিকার তা নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশনে পাঠান। এ বিষয়ে নির্বাচন কমিশনের এখতিয়ার নেই বলে হাইকোর্টে রিট আবেদন করেন তিনি। হাইকোর্ট আবেদন খারিজ করে দেন। এরপর তিনি লিভ টু আপিল করলে ২৩ আগস্ট সুপ্রিম কোর্ট তা খারিজ করেন। একই দিন তিনি নির্বাচন কমিশনের শুনানিতে উপস্থিত হয়ে বলেন, তিনি নিজেই পদত্যাগ করবেন। এ বিষয়ে শুনানির প্রয়োজন নেই।

কেএইচ