কুমিল্লার চান্দিনা উপজেলার পশ্চিম বেলাশহরের ঊষা জুট মিলের কাছে সড়ক দুর্ঘটনায় একটি শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪জন।

রোববার দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি বাস পেছন দিক থেকে সিএনজি চালিত একটি অটোরিকশাকে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।

শিশুটির নাম জানা যায়নি। তবে সে দেবিদ্বার উপজেলার আসাদনগর গ্রামের আব্দুল কাদের মাস্টারের ছেলে বলে জানা গেছে।

আহতরা হলেন-শিশুটির বাবা আব্দুল কাদের মাস্টার (৩৫), মা শেফালী বেগম (২৮), একই উপজেলার সুরপুর গ্রামের আনোয়ার হোসেন (৩০) ও তার স্ত্রী নিলুফা বেগম (২৫)। তাদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, দুপুরে আব্দুল কাদের স্ত্রী ও ছেলেকে নিয়ে অটোরিকশায় করে কোথাও যাচ্ছিলেন। পথে ঊষা জুট মিলের কাছে কুমিল্লা থেকে ঢাকাগামী কর্ডোভা পরিবহনের একটি বাস পেছন দিক থেকে অটোরিকশাটিকে ধাক্কা দিলে অটোরিকশার ৫ যাত্রী আহত হন।

এ অবস্থায় তাদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

সেখানে দায়িত্বরত চিকিৎসক আব্দুল আল-মামুন জানান, আহতদের মধ্যে শিশুটির অবস্থা গুরুতর ছিল। উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

হাইওয়ে পুলিশের ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ (সার্জেন্ট) আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা কবলিত বাস ও অটোরিকশা আটক করে ফাঁড়িতে আনা হয়েছে। তবে চালকদ্বয় পালিয়ে গেছে।

ঢাকা, ১৩ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ