নোয়াখালীর সদর উপজেলার পশ্চিম মাইজদী গ্রামে একটি বাড়ীতে হামলা চালিয়ে তিনটি ঘরে অগ্নিসংযোগ ও একটি ঘরে ব্যাপক ভাঙচুর চালিয়েছে মুখোশধারী দূর্বৃত্তরা।

সোমবার সকাল ১১টার দিকে মাঝি বাড়ীতে এ হামলার ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ ঘরের মালিকরা হচ্ছেন- আব্দুল হক, মো. মামুন, সাহাব উদ্দিন ও রুবেল।

প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্থ সূত্রে জানা গেছে, সকালে মুখোশধারী অজ্ঞাত ১০/১২জন যুবক অস্ত্র নিয়ে পশ্চিম মাইজদী গ্রামের মাঝি বাড়ীতে হামলা চালায়। এসময় আতংকে বাড়ীর লোকজন পালিয়ে গেলে হামলাকারীরা ওই বাড়ীর দিনমজুর আব্দুল হক, মামুন ও সাহাব উদ্দিনের ঘরে আগুন ধরিয়ে দেয় এবং নিহত যুবলীগ কর্মী লেদুর সাথে মোবাইল নিয়ে বিরোধকারী রুবেলের ঘরে আসবাবপত্র ব্যাপক হামলা ভাঙচুর করে। আগুনে ৩টি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়।

ক্ষতিগ্রস্থরা জানান, যুবলীগ কর্মী রেদোয়ান হোসেন লেদুর হত্যার জেরে তার সমর্থকরা উত্তেজিত হয়ে এ হামলার ঘটনা ঘটিয়েছে। তবে, ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।

মাইজদী ফায়ার সার্ভিস কর্মকর্তা মাহবুব আলম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, রোববার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে পশ্চিম মাইজদী গ্রামে মাইজদী-সুজাপুর সড়কের তাহের মাষ্টারের পোলের গোড়া এলাকায় দোকান থেকে ডেকে নিয়ে রেদোয়ান হোসেন লেদু নামের এক যুবলীগ কর্মীকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা।

এসএইচ