ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) নতুন চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল আবু সালেহ মো. গোলাম আম্বিয়া।

আবু সালেহকে প্রেষণে এ নিয়োগ দিয়ে তার চাকরি বাণিজ্য মন্ত্রণালয়ে ন্যস্ত করে মঙ্গলবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

একই আদেশে টিসিবি চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ইকবালকে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এর কলেজ পরিদর্শক নিয়োগ দেওয়া হয়েছে। গত ২৭ মে টিসিবির চেয়ারম্যান নিয়োগ পেয়েছিলেন ইকবাল।

বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে সরকার টিসিবির মধ্যেমে পণ্য আমদানি করে ভোক্তা পর্যায়ে তা ন্যায্যমূল্যে বিক্রি করে থাকে। তবে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে টিসিবির সক্ষমতা নিয়ে বিভিন্ন মহলের প্রশ্ন রয়েছে।

রেসিডেন্সিয়াল মডেল কলেজে নতুন অধ্যক্ষ

ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল হান্নান। তাকে শিক্ষা মন্ত্রণালয়ে ন্যস্ত করে মঙ্গলবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

একই আদেশে অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান সুবহানীকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে।

ডিএনসিসির নতুন প্রধান প্রকৌশলী

ব্রিগেডিয়ার জেনারেল মো. সাঈদ আনোয়ারুল ইসলামকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান প্রকৌশলী পদে নিয়োগ দেওয়া হয়েছে। অপরদিকে প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. গাজী ফিরোজ রহমানকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে।

কেএইচ