ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাসচাপায় নিহত ছাত্র তৌহিদুল ইসলাম টিটুর দাফন সম্পন্ন হয়েছে। রোববার রাত সাড়ে ৯টার দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার নিজ এলাকা বেলেঘাট গ্রামে তার দাফন সম্পন্ন হয়।

টিটু বেলেঘাট গ্রামের বাসিন্দা ও এসবিকে ইউনিয়নের মেম্বর আব্দুল আজিজের ছেলে। মেধাবী ছাত্র টিটু ইসলামী বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।

এসবিকে ইউনিয়নের চেয়ারম্যান সাজ্জাদুল ইসলাম জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টিটুর মৃতদেহ গ্রামে পৌঁছালে আশপাশের গ্রাম থেকে হাজার হাজার মানুষ টিটুকে এক নজর দেখতে ছুটে আসেন। চারিদিকে শুধু কান্নার শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। বেলেঘাম গ্রামের বাসিন্দা আব্দুল আজিজের তিন মেয়ে ও দুই ছেলের মধ্যে টিটু সবার বড়।

তিনি আরো জানান, তার বাবার আশা ছিল শিক্ষাবৃত্তি নিয়ে উচ্চশিক্ষার জন্য বিদেশে পড়তে যাবেন টিটু, ভালো চাকরি করবেন। কিন্তু তার আশা আর পূরণ হলো না।

এদিকে টিটুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জেআই