ঈদুল আজহা উপলক্ষে শুরু হয়েছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। মোবাইল অ্যাপ আর অনলাইনেও (ই-সেবা) টিকিট বিক্রি চলছে। সোমবার সকাল ৬টায় অ্যাপসে টিকিট বিক্রি শুরু হয়। অ্যাপে দিনে কত টিকিট বিক্রি হচ্ছে, তা মনিটর করে অ্যাপেই জানিয়ে দেয়া হচ্ছে। ফলে আপনি আগেই জেনে নিতে পারবেন আজ কিংবা যেদিন আপনি টিকিট কিনবেন, ওইদিন কতটি টিকিট খালি আছে। বিষয়টি নিয়ে কথা বলেছেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

তিনি জানান, শুরুর সাড়ে চার ঘণ্টায় সাত হাজার ৪৬৩টি টিকিট মোবাইল অ্যাপ আর অনলাইনে (ই-সেবা) বিক্রি হয়েছে।

সোমবার (২৯ জুলাই) দুপুরে কমলাপুর রেলস্টেশনে অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেছেন।

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, বর্তমানে আমাদের ট্রেনের সংখ্যা বাড়ছে কিন্তু ট্রেন লাইনের সংখ্যা বাড়ছে না। আমাদের ট্রেন লাইনগুলো বেশির ভাগই এক লাইনে চলাচল করে। ট্রেন লাইনগুলো যতদিন পর্যন্ত এক লাইন থেকে ডাবল লাইন না করা হবে, ততদিন পর্যন্ত ট্রেনের শিডিউল বিপর্যয় এড়ানো যাবে না।

রেলমন্ত্রী জানান, সকাল ৬টা থেকে রেলসেবা অ্যাপের মাধ্যমে সাড়ে ১০টা পর্যন্ত সাত হাজার ৪৬৩টি টিকিট বি‌ক্রি বি‌ক্রি হ‌য়ে‌ছে; কাউন্টার থেকে বিক্রি হয়েছে তিন হাজার ৩৭ টি টি‌কিট। এছাড়া আন্তঃনগর মেইল, কমউটার, ডেমু; সব মিলিয়ে এক দিনের জন্য ৫৯ হাজার ৬৭৭ টিকিট যাত্রীদের কাছে বিক্রি করা হ‌বে।

তিনি বলেন, গতবারের মতো এবারও কমলাপুরসহ চারটি স্টেশনে ট্রেনের আগাম টিকিট দেওয়া হচ্ছে। পাশাপাশি যাত্রীদের সুবিধার জন্য রেল ভবন থেকে আমাদের মনিটরিং টিম সার্বক্ষণিক এসব স্থানে মনিটরিং করা হচ্ছে। এছাড়া অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ, র‌্যাব ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী সার্বক্ষণিক নিয়োজিত আছে।

বন্যায় রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে উল্রেখ করে নুরুল ইসলাম সুজন বলেন, এবার বন্যায় উত্তরাঞ্চলের বেশ কিছু জায়গায় রেলপথ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঈদের আগেই আমরা সেসব মেরামত করে ট্রেন চালাতে পারব। তবে ওই স্থানগুলোতে মানুষের নিরাপত্তার স্বার্থে ট্রেনের গতি কিছুটা কম থাকবে।

নারী কাউন্টার একটা হওয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, সকাল সাড়ে ১০টা থেকে কমলাপুর কাউন্টারে নারীদের জন্য দু’টি কাউন্টার খুলে দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই) থেকে দু’টি কাউন্টারে নারীদের জন্য অগ্রিম টিকিট দেওয়া হবে।

এসএম