শুক্রবার থেকে ঢাকাসহ সারা দেশের বিভিন্ন রুটে যানবাহন চলাচলের সিদ্ধান্ত নিয়েছে রংপুর মালিক-শ্রমিক ঐক্যজোট।

বৃহস্পতিবার বিকেলে নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনালে ‘হরতাল-অবরোধ নৈরাজ্য বিরোধী’ এক মানববন্ধন শেষে এই সিদ্ধান্তে কথা জানান রংপুর জেলা মোটরমালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম রাজু।

এরআগে, তারা নৈরাজ্য বিরোধী বিশাল মানববন্ধন করে। একই সময়ে নগরীর জিরো পয়েন্ট কাছারিবাজারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সর্বস্তরের নারী-পুরুষ।

এ সময় অবিলম্বে তারা সব ধরনের নৈরাজ্য বন্ধ করার জন্য বিএনপি জোটের প্রতি আহ্বান জানান।

এরআগে, দুপুরে ১৫ মিনিটের এক ব্যতিক্রমী মানববন্ধন করেছে সোনালী ব্যাংক রংপুর করপোরেট শাখার সব কর্মকর্তা-কর্মচারীরা। রাজনৈতিক কর্মসূচির নামে বিএনপি-জামায়াত জোটের সহিংস রাজনীতি ও মানুষ হত্যা বিরুদ্ধে ব্যাংকের সামনে দাঁড়িয়ে এই কর্মসূচি পালন করে তারা।

এতে কর্মকর্তা-কর্মচারী ছাড়াও সর্বস্তরের মানুষ অংশ নেন। এ সময় সেখানে বক্তব্য দেন- ব্যাংকের জেনারেল ম্যানেজার কামরুজ্জামান চৌধুরী, ডিজিএম মো. জওয়াদুল করিম, প্রিন্সিপাল অফিসের প্রধান মো. নজরুল ইসলাম, ডেপুটি ম্যানেজার মো. মোফাজ্জল হোসেন, রংপুর শাখার সিবিএ সাধারণ সম্পাদক মো. কুদ্দুস আলীসহ ব্যাংক কর্মকর্তাবৃন্দ।

এসএইচ