নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নিহত নজরুল ইসলামের ওয়ার্ডের উপ-নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম।

নজরুল ইসলামের মৃত্যুর পর এই ওয়ার্ডটি শূন্য ঘোষণা করা হয়। শনিবার সকাল থেকে এই ওয়ার্ডে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে।

নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জের মিজমিজি, পাইনাদী, মৌচাক, নতুন মহল্লা, আব্দুল আলীপুল, হীরাঝিল, মুজিববাগ, মিতালী মার্কেট এলাকা নিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২ নম্বর ওয়ার্ড গঠিত। এই ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৭২৯ জন। এর মধ্যে পুরুষ আট হাজার ৫১৬ এবং মহিলা ভোটার আট হাজার ২১৩ জন।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিন প্রার্থী। এর মধ্যে নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি নির্বাচন করছেন সিংহ প্রতীক নিয়ে। অপর প্রতিদ্বন্দ্বীরা হলেন- সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির যুগ্ম সম্পাদক ও ২০ দলের প্রার্থী ইকবাল হোসেন (আপেল) ও মাসুদ রানা (পদ্ম ফুল)।

নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা তারিফুজ্জামান জানান, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষে এখন গণনা চলছে।

প্রসঙ্গত, ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে র‌্যাব পরিচয়ে অপহরণ করা হয় প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাত জনকে। ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদীর বন্দর উপজেলার চর ধলেশ্বরী এলাকা থেকে ছয়জন এবং পরের দিন একজনের মৃতদেহ উদ্ধার করা হয়।

ঢাকা, ২৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ