নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ বলেছেন, আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে যেকোনো অনিয়মের ক্ষেত্রে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন জিরো টলারেন্স দেখায় সে নির্দেশনা দেয়া হয়েছে।
তিনি বলেন, ‘এই নির্বাচনে কেউ যেন কারো প্রতি চড়াও হতে না পারে সে ব্যাপারেও সতর্ক থাকতে বলা হয়েছে। এক্ষেত্রে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ দায়িত্ব পালনে অবহেলা করলে তাদেরও ছাড় দেয়া হবে না। তাদের গাফিলতি যেন নির্বাচন নষ্ট না করে সে নির্দেশনা দিয়েছি।’
আজ রবিবার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মো. শাহ নেওয়াজ একথা বলেন।
শাহ নেওয়াজ বলেন, আগামী ২২ মার্চ অনুষ্ঠেয় প্রথম পর্যায়ের ইউপি নির্বাচনের প্রস্তুতি নেয়া হয়েছে। নির্বাচনে কিছু কিছু অনিয়মের অভিযোগ এসেছে। কাউকে ছাড় না দেয়ার জন্য রিটার্নিং কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলা হয়েছে। আচরণবিধি ভঙ্গকারী যে পর্যায়ের লোকই হোক না কেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। সামান্য কিছু লোকের জন্য নির্বাচন যেন নষ্ট না হয়, তা দেখা হচ্ছে এবং স্থানীয় প্রশাসনকে সেভাবেই নির্দেশনা দেয়া হয়েছে। নির্বাচনে যেকোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না।
তিনি বলেন, তবে, অসংখ্য অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেয়া যায় না। অভিযোগ হতে হবে সুনির্দিষ্ট এবং সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেয়া হয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কোন দল কতটুকু বিরক্ত হলো সেদিকে নজর রাখছি না। সর্বোচ্চ পর্যায়ের অনিয়মকারীর বিরুদ্ধেও আমরা মামলা করেছি। ইসি দল-মত নির্বিশেষে সবার কাছে একটা সুন্দর নির্বাচন চায়। আশা করি, সবাই সহযোগিতা করবে। যারা দায়িত্ববান তারা আরও বেশি সহযোগিতা করবে, এটাই আমাদের প্রত্যাশা।’
রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে শাহ নেওয়াজ বলেন, দলে যারা বিভিন্ন পর্যায়ে আছেন, তারা একটি সুন্দর নির্বাচনের জন্য সহযোগিতা করবেন। কেউ যদি কোন প্রকার বাধার সৃষ্টি করেন বা আচরণবিধি লঙ্ঘনে সহযোগিতা করেন অবশ্যই কাউকে ছাড় দেয় হবে না। কেননা, নির্বাচনটা সাধারণ মানুষের অধিকার। সুষ্ঠু, সুন্দর নির্বাচন মানুষও চান, আমরাও চাই। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কমিশন পিছপা হবে না।
এআই





