নারায়ণগঞ্জের রূপগঞ্জে হেফাজত ইসলামের অনুসারী এবং উপজেলার মতূর্জাবাদ জামে মসজিদের খতিব মাওলানা লোকমান হোসেন আমিনীকে আটক করেছে পুলিশ।
ফেসবুকে উস্কানীমূলক স্ট্যাটাস দেওয়া এবং হেফাজতের ডাকা হরতালে সিদ্ধিরগঞ্জ এলাকায় দাঙ্গা-হাঙ্গামা করার অভিযোগে শনিবার (১০ এপ্রিল) রাতে তাকে মতূর্জাবাদ এলাকা থেকে আটক করা হয়।
রূপগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত) জসিম উদ্দিন জানান, উপজেলার ভুলতা ইউনিয়নের মতূর্জাবাদ জামে মসজিদের খতিব মাওলানা লোকমান হোসেন আমিনী হেফাজতের যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হকের পক্ষালম্বন করে ফেসবুকে রাষ্ট্রবিরোধী এবং উস্কানীমূলক স্ট্যাটাস দিয়ে আসছিলেন। এছাড়া গত ২৮ মার্চ হেফাজতের ডাকা হরতালের সময় মাওলানা লোকমান জেলার সিদ্ধিরগঞ্জ এলাকায় তাণ্ডবে অংশগ্রহণ করেন বলে পুলিশ নিশ্চিত হয়।
ওসি আরও বলেন, পরে উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে শনিবার রাত ১২টার দিকে মসজিদ সংলগ্ন খতিবের আবাসিক কক্ষ থেকে তাকে আটক করা হয়। তাকে জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানায় দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হবে।
এমবি





