কুষ্টিয়ার মিরপুরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে নুর ইসলাম (৫৫) নামে একজনের মৃত্যু হয়েছে। এসময় উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। এঘটনার পর এলাকায় ব্যাপক লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার পোড়াদহ ইউনিয়নের পোড়াদহ গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই বৃদ্ধের মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, পোড়াদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোশাররফ ও আওয়ামী লীগ নেতা পারভেজ গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল।
এর জের ধরে শুক্রবার সন্ধ্যায় পোড়াদহ বাজারের পাশে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোটা ব্যবহার করা হয়। এসময় ধারালো অস্ত্রের আঘাতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন।
আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে মোশাররফ পক্ষের আওয়ামী লীগ কর্মী নুর ইসলামের মৃত্যু হয়। এতে তার ছেলে সজীবের গুরুতর আহত হন।
মিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) কাজী জালাল বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
কেএইচ





