পটুয়াখালীতে ছাত্রশিবিরের জেলা প্রচার সম্পাদকসহ ১২ কর্মীকে আটক করেছে পুলিশ। নাশকতা সৃষ্টির পরিকল্পনা করার অভিযোগে তাদের আটক করা হয়।
জেলার বিভিন্ন জায়গায় বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) জিয়াউল হক জানান, বুধবার রাতে তিতাস এলাকা থেকে আটক করা হয় জেলা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক শোয়েব আহমেদকে। তার স্বীকারোক্তি অনুযায়ী অন্য ১১ জনকে শহরের শান্তিবাগসহ কয়েকটি এলাকা থেকে আটক করা হয়। এরা সবাই পটুয়াখালী পলিটেকনিক কলেজ ও সরকারি কলেজের ছাত্র।
সদর থানায় বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের ব্রিফ করতে গিয়ে ওসি জিয়াউল আরো জানান, শহরের একটি মেস থেকে আটককৃত ৮ জনকে রিমান্ড চাওয়া হবে। তাদের কাছে নাশকতা সৃষ্টির অনেক গোপন তথ্য রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাদেরকে বৃহস্পতিবার বিকালে আদালতে পাঠানো হবে।
পুলিশ সুপার মো. মোসফিকুর রহমান বলেন, আটককৃত শিবিরকর্মীরা জেলা শিবিরের কমিটিসহ জামায়াতের মূল কমিটিতেও রয়েছেন। তাদের কাছ থেকে বরিশাল বিভাগসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতা সৃষ্টির পরিকল্পনার তথ্য পাওয়া গেছে।
কেএইচ





