প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে একজনও সরকারী সহায়তা থেকে বাদ পড়বে না। বন্যার্তদের সহায়তার জন্য ১১৭ কোটি টাকা পুনর্বাসন সহায়তা দেবে সরকার।

ছয় জেলার ছয় লাখ কৃষকদের প্রত্যেককে পাঁচ কেজি বোর ধানের বীজ, ২০ কেজি ডিএপি সার, ৫ কেজি এমওপি সার ও নগদ ১ হাজার টাকা করে পাবে।

শনিবার (২৬ আগস্ট) সকালে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করতে গিয়ে দুর্গত মানুষদের উদ্দেশ্যে তিনি এসব তথ্য জানান।

প্রধানমন্ত্রী আরও বলেন, সরকারে থাকা অথবা না থাকা অবস্থাতেও আওয়ামী লীগ সরকার বিভিন্ন দুর্যোগে মানুষে পাশে দাঁড়িয়েছে।

কৃষকরা যাতে জমিতে ফসল চাষ করতে পারে তার জন্য সকল ব্যবস্থা নিয়েছে সরকার। একটি জমিও যেন না পড়ে থাকে, অব্যবহৃত না থাকে সেই লক্ষ্যে সরকারের পক্ষ থেকে সকল সহযোগিতা দেয়া হবে।

ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী বরো মৌসুম পর্যন্ত কৃষি সহায়তা দেয়া হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেক কৃষককে ২০ কেজি গম বীজ অথবা ২ কেজি ভূট্টা বীজ অথবা ১ কেজি শরিষা বীজ অথবা ১০ কেজি চীনা বাদাম বীজ অথবা ৫ কেজি মুগ ডাল বীজ অথবা ৮ কেজি খেসারি বীজ অথবা ৮ কেজি মসুর বীজ, ৭ কেজি ফেলন বীজ বা এক কেজি তিল বীজ, ২০ গ্রাম বিচি বেগুন বীজ বিনামূল্যে কৃষকদের দেয়া হবে। কৃষরা যে যা চাষ করতে চান তাই চাষ করবেন।

বন্যায় যেসব স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো মেরামত করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা চাই না শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি হোক। যেসব শিক্ষার্থীদের বইখাতা নষ্ট হয়েছে, তাদের আবার নতুন বইখাতা বিতরণ করা হবে।

অন্যদিকে বন্যায় যেসব রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো শিগগিরই মেরামত করা হবে বলেও জানান তিনি।
জেড