পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল চালক নিহত এবং অপর দুই আরোহী গুরুতর আহত হয়েছেন। রোববার রাতে বাগেরহাটের মোল্লাহাটে বাগেরহাট-মাওয়া মহাসড়কে এবং খুলনা-মংলা মহাসড়কের ফকিরহাটে পৃথক দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্র জানায়, রাত সাড়ে ১০টার দিকে বাগেরহাট-মাওয়া মহাসড়কে মোল্লাহাট উপজেলার কাহালপুর এলাকায় একটি পণ্যবাহী ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক খালিদ হাসান বিশ্বাস (২২) নিহত এবং অপর দুই আরোহী গুরুতর আহত হন।
খালিদ হাসান বিশ্বাস মোল্লাহাট উপজেলার উদয়পুর ইউনিয়নের গাড়ফা গ্রামের গ্রামের মোস্তফা বিশ্বাসের ছেলে এবং আহতরা হলেন সুইট শেখ (১৮) এবং রিয়াজুল শেখ (২৩)। এদের বাড়ি গাড়ফা ও উদয়পুর গ্রামে।
গুরুতর আহত অবস্থায় তাদের মধ্যে একজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অপরজনকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মোল্লাহাট থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে, রোববার রাত ৮টার দিকে বাগেরহাটের ফকিরহাটে খুলনা-মংলা মহাসড়কের খাজুরা এলাকায় সিমেন্ট বোঝাই ট্রাক ও মোটসসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিমুল মল্লিক (২৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হন।
নিহত শিমুল মল্লিক ফকিরহাট উপজেলার পিলজংগ ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের মল্লিক আতিয়ার রহমানের ছেলে।
বাগেরহাট হাইওয়ে পুলিশ সার্জেন্ট আমিরুল ইসলাম জানান, শিমুল খুলনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি অসুস্থ মাকে দেখে মোটরসাইকেলযোগে বাড়িতে ফেরার সময় এ ঘটনা ঘটে।
ঢাকা, ১৬ জুন (টাইমনিউজবিডি.কম)//এএইচ





