ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে আরও একটি ২৫০কেজি ওজনের জেনারেল পারপাস (জিপি) বোমা পাওয়া গেছে।

শনিবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টা ৫০ মিনিটে তৃতীয় টার্মিনালের কনস্ট্রাকশন সাইটে চলমান পাইলিংয়ের সময় এই বোমা উদ্ধার করা হয়।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। খবর বাসস’র।

এতে বলা হয়, বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুর প্রশিক্ষিত বোমা ডিসপোজাল দল আধুনিক যন্ত্রপাতিসহকারে দ্রুততার সাথে ঘটনাস্থলে পৌঁছে বোমাটি নিষ্ক্রিয় করে।

পরবর্তীতে বোমাটি ধ্বংস করার উদ্দেশ্যে প্রয়োজনীয় সতর্কতার সাথে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়।

উল্লেখ্য, বোমা বিশেষজ্ঞরা ধারণা করছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রাপ্ত পূর্বের বোমাগুলোর মতো এই বোমাটিও ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভূমিতে নিক্ষেপ করা হয়েছিল।

এমবি