মৌলভীবাজারের রাজনগর উপজেলার ঘড়গাঁও গ্রামে জুমার নামাজের পর জমিয়তে উলামায়ে ইসলামের নেতাকর্মীদের সঙ্গে মুসল্লিদের সংঘর্ষে দু’জন গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার বিকাল ৪টার দিকে বালিদিঘির পাড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন-মৃত বদর মিয়ার ছেলে জাভেদ মিয়া (৩২) ও আব্দুর রহিমের ছেলে শিপন মিয়া (৪৫)। বাকি আহতদের নাম ও পরিচয় পাওয়া যায়নি। গুলিবিদ্ধ দু'জনসহ আহতদের মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, জমিয়তে উলামায়ে ইসলামের জেলা সেক্রেটারি ক্বারি সামসুল হক মুসল্লিদের লতিফ সিদ্দিকীর ইসলাম বিদ্বেষী মন্তব্যের প্রতিবাদে রাজনগরে বিক্ষোভ মিছিলে অংশ নেয়া জন্য আহ্বান জানান। এ নিয়ে একই গ্রামের ডা. আব্দুর রহিমের সঙ্গে শামছুল হকের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

এতে উভয় পক্ষের ১৫ জন আহত হন। সংঘর্ষের মধ্যে কে বা কারা গুলি করলে দু’জন গুলিবিদ্ধ হন।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রাজনগর থানার অফিসার ইন চার্জ (ওসি) নাজিম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কারা গুলি করেছে তা আমার জানা নেই তবে দু’জন গুলিবিদ্ধ হয়েছে বলে শুনেছি। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

কেএইচ