টঙ্গীর তুরাগ নদীর তীরে ৫৫তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বে আখেরি মোনাজাতের প্রস্তুতি চলছে। ইতোমধ্যেই মুসল্লির পদভারে মুখরিত হয়ে উঠেছে টঙ্গীর তুরাগ তীর।
ইজতেমার তিন দিনের জামাতে আজ (১২ জানুয়ারি) রোববার আখেরি মোনাজাতে শরিক হতে রাজধানী ঢাকা, গাজীপুরসহ আশপাশের এলাকা থেকে লাখ লাখ মানুষ স্রোতের মতো ছুটে আসছেন ইজতেমা ময়দানের দিকে।
ফলে উত্তরে গাজীপুরের চান্দনা চৌরাস্তা দক্ষিণে বিমানবন্দর থেকে টঙ্গীমুখী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সব ধরনের যানবাহন বন্ধ করে দেয়া হয়েছে।
এছাড়া শাখা রোডগুলো থেকেও কোনো যানবাহন সড়কে প্রবেশ করতে দিচ্ছে না পুলিশ।
রোববার (১২জানুয়ারি) বাদ ফজর ইজতেমা ময়দানে মুসল্লিদের উদ্দেশ্যে হেদায়েতি বয়ান পেশ করেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক।
আখেরি মোনাজাতের আগে বিশেষ বয়ান করবেন ভারতের মাওলানা ইবরাহিম দেওলা। বেলা ১১টার দিকে আখেরি মোনাজাত হওয়ার কথা রয়েছে।
মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশের তাবলিগের প্রধান মারকাজ কাকরাইলের মুরব্বি হাফেজ মাওলানা জোবায়ের আহমদ।
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ৫৫তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। পরে চারদিন পর আগামী ১৭ -১৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয়পর্ব। এই পর্বে মাওলানা সাদ অনুসারী মুসল্লিরা অংশ নেবেন।
এবার ইজতেমায় সার্বিক নিরাপত্তায় সাড়ে ৮ হাজার পুলিশের পাশাপাশি র্যাব ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে। তবে মুসল্লিদের সমাগম বেশি হওয়ায় বাইরে অবস্থানরত হাজার হাজার মুসল্লি ভোগান্তিতে পড়েছেন। ওযু, গোসলসহ দৈনন্দিন কাজে তাদের সমস্যায় পড়তে হচ্ছে।
এমবি





