হজ ব্যবস্থাপনায় অনিয়ম ও হজযাত্রীদের সাথে প্রতারণার বিভিন্ন অভিযোগ গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পরিপ্রেক্ষিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি। দীর্ঘদিনের অনিয়ম ও প্রতারণার সাথে জড়িতদের আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।

আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, প্রায় প্রতি বছরের মতো এবারও কতিপয় হজ এজেন্সির বিরুদ্ধে অনিয়ম ও হজযাত্রীদের সাথে প্রতারণার অভিযোগ উঠেছে। একের পর এক হজ ফ্লাইট বাতিল, হজ ফ্লাইটে বিলম্ব, হজযাত্রীদের কাছ থেকে অর্থ নিয়ে হজে না পাঠানো, চুক্তিহীন বাড়িতে হাজযাত্রীদের রাখা, এক বাড়ির হজযাত্রীকে অন্য বাড়িতে ওঠানো, নিম্নমানের খাবার পরিবেশন, চুক্তি অনুযায়ী কাঙ্খিত সুবিধা না দেয়াসহ বিভিন্ন অনিয়ম ও প্রতারণার অভিযোগ পাওয়া যাচ্ছে হজযাত্রীদের কাছ থেকে।

অনিয়ম ও প্রতারণার সাথে জড়িত এসব হজ এজেন্সিগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা না হলে এক দিকে প্রতারক এজেন্সিগুলোর দৌরত্ব যেমন আরো বাড়বে, অন্যদিকে ধর্মপ্রাণ হজযাত্রীদের আর্থিক ক্ষতি ও দুর্ভোগ চলতেই থাকবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরো কর্তব্যপরায়ণ ও সংবেদনশীল হওয়া উচিৎ মন্তব্য করে ড. ইফতেখারুজ্জামান বলেন, হজ ব্যবস্থাপনায় অনিয়ম-প্রতারণার বিষয়ে হজ কর্তৃপক্ষ ও এজেন্সিগুলো শুধু পরস্পরকে দোষারোপ করে যাচ্ছে, এসব সমস্যার কার্যকর ও স্থায়ী কোনো সমাধানের চেষ্টা করা হচ্ছে না।

প্রতি বছর প্রতারণার শিকার হাজযাত্রীদের অভিযোগের প্রতিকার না পাওয়ার বিষয়টি অত্যন্ত দুঃখজনক। অভিযোগের কোনো প্রতিকার না হওয়া, প্রতারণা ও দুর্নীতির সাথে জড়িতদের বিচার না হবার কারণে এ খাতে দুর্নীতি ও অনিয়মের প্রাতিষ্ঠানিকীকরণ হচ্ছে। দোষীগণ বিচারহীনতা উপভোগ করছেন। ধর্মপ্রাণ হাজি ও হজ প্রত্যাশীগণের ভোগান্তি বেড়েই চলেছে। দীর্ঘদিনের পুঞ্জিভূত এ সমস্যা সমাধানের উপায় নিরূপণে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত অপরিহার্য বলে মনে করছে টিআইবি।

ড. জামান আরো বলেন, সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রীদের দুর্ভোগ এবং হজ এজেন্সিগুলোর অব্যবস্থাপনা ও প্রতারণার বিষয়টি বিশ্ব গণমাধ্যমে প্রতিফলিত হওয়ায় দেশের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হচ্ছে। অন্যদিকে হজ এজেন্সিগুলোর অনিয়ম ও প্রতারণার বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ না করায় হজযাত্রীদের দুর্ভোগের দায়ও অনেকটা সরকারের ওপর বর্তায়। অনিয়ম-প্রতারণার সাথে জড়িত হজ এজেন্সিগুলোকে কালো তালিকাভুক্ত করে সুনির্দিষ্ট মাপকাঠির ওপর ভিত্তি করে পূর্ণাঙ্গ যাচাই-বাছাই করে শুধু মানসম্মত হজ এজেন্সির মাধ্যমে হজব্রত পালন প্রক্রিয়া প্রতিষ্ঠা করার আহ্বান জানায় টিআইবি। -

 

এসএ