আগামী ২৬ জুন মেট্রোরেলের (এমআরটি লাইন-৬) নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

একই দিন বাস র‌্যাপিড ট্রানজিটের (বিআরটি) নির্মাণ কাজেরও উদ্বোধন করা হবে।

বৃহস্পতিবার সচিবালয়ে সাংবদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য জানিয়েছেন।

মন্ত্রী জানান, ওই দিন বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে সকাল ১০টায় মেট্রোরেলের (এমআরটি লাইন-৬) নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই দিন বিআরটি প্রকল্পের নির্মাণ কাজের সূচনাও করবেন তিনি।

ওবায়দু কাদের বলেন, মেট্রোরেল প্রকল্পের নির্মাণ কাজ চলছে। ২৬ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। ফলে প্রকল্পটি নতুন গতি পাবে এবং শিডিউল অনুযায়ী চলমান কাজ এগিয়ে যাবে।

তিনি বলেন, প্রথম পর্যায়ে ২০১৯ সালের মধ্যে উত্তরা তৃতীয় পর্যায় থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের বাণিজ্যিক চলাচল শুরু হবে। ২০২০ সালে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের নির্মাণ কাজ শেষ হবে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, এ প্রকল্প দুটি সম্পন্ন হলে ঢাকা মহানগরী ও পার্শ্ববর্তী জেলার সঙ্গে যোগাযোগ ব্যবস্থায় গতি আসবে।

এমআইএস