চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় বাঁশবাড়িয়া সাগরে গোসল করতে নেমে নিখোঁজ তিন তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে সমুদ্র উপকূল এলাকা থেকে তাদের লাশগুলো উদ্ধার করা হয়।

জানা গেছে, চট্টগ্রামের ঝাউতলার ২৩ জন নারী-পুরুষ শুক্রবার দুপুরে বাঁশবাড়িয়া উপকূলে বেড়াতে যায়। পরে বেলা সাড়ে ৩টার দিকে তাদের মধ্যে কয়েকজন সাগরে গোসল করতে নামেন।

এ সময় আলাউদ্দিন, সাইফুল ও এয়াছিন নামে তিনজন স্রোতের টানে ভেসে যান। খবর পেয়ে ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল।

ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপসহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, আগ্রাবাদ, কুমিরা ও সীতাকুণ্ডের তিনটি উদ্ধারকর্মী দলসহ কোস্টগার্ড ও নৌবাহিনী অনুসন্ধান চালিয়ে নিখোঁজদের লাশ উদ্ধার করে।

এর আগে গত ২১ জুন একই এলাকাই দুই ছাত্র নিখোঁজ হয়েছিলেন। পরদিন তাদের লাশ উদ্ধার করে উদ্ধারকারী দল। ১৫ দিনের মাথায় আবারও তিনজন নিখোঁজের ঘটনা ঘটল।

এমআর