বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়। এতে ঢাকার গণপরিবহণ ব্যবস্থাপনার সার্বিক পরিস্থিতি ও বিদ্যমান সমস্যাগুলো নিয়ে আলোচনা হচ্ছে।

বৈঠকে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সড়ক পরিবহণ ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার উপস্থিত রয়েছেন।

এ ছাড়া স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, ঢাকা পরিবহণ সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ মসিউর রহমান, সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে অংশ নিয়েছেন।

যেসব বিষয়ে আলোচনা

বৈঠকে রাজধানীর গণপরিবহণ ব্যবস্থাপনার বর্তমান অবস্থা পর্যালোচনার পাশাপাশি সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা জোরদারের বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

বিশেষ করে নগরীর যানজট নিরসন, গণপরিবহণ খাতের নানা সমস্যা চিহ্নিত করে তা সমাধান এবং সড়কে বিদ্যমান বিশৃঙ্খলা দূর করার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে।

রাজধানীর গণপরিবহণ ব্যবস্থাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করতে করণীয় নিয়েও বৈঠকে মতামত নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

এনএইচ