বুদ্ধিস্ট ঐতিহ্যবাহী স্থাপনাগুলোর গুরুত্ব তুলে ধরে বাংলাদেশে বৌদ্ধ পর্যটকদের আকৃষ্ট করতে ঢাকায় আগামী ২৭ ও ২৮ অক্টোবর একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ডেভেলপিং সাসটেইন্যাবল এ্যান্ড ইনক্লুসিভ বুদ্ধিস্ট হ্যারিটেজ এ্যান্ড পিলগ্রিমেজ সার্কিটস ইন সাইথ এশিয়া বুদ্ধিস্ট হার্টল্যান্ড’ শীর্ষক কনফারেন্স অনুষ্ঠিত হবে।
জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার (ইউএনডব্লিউটিও) সহায়তায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এ সম্মেলন আয়োজন করছে।
সচিবালয়ে রবিবার এক সংবাদ সম্মেলনে বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এ সব তথ্য জানান।
‘আন্তর্জাতিক বুদ্ধিস্ট কনফারেন্সের মাধ্যমে আমরা বিশ্ব বৌদ্ধ সম্প্রদায়ের কাছে ঐতিহাসিক বুদ্ধিস্ট স্থাপনা ও স্থানগুলোর গুরুত্ব তুলে ধরে বৌদ্ধ সম্প্রদায়ের আকৃষ্ট করার বার্তাটিই দিতে চাচ্ছি’ বলেন মেনন।
তিনি বলেন, ‘প্রথমবারের মত এ কনফারেন্সের মাধ্যমে দেশের গৌরবময় ও ঐতিহাসিক বুদ্ধিস্ট হেরিটেজ সাইটগুলোর রক্ষণাবেক্ষণ এবং দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের ঐহিত্যবাহী স্থাপনা বিশ্ববাসীর সঙ্গে তুলে ধরা হবে। এতে বিদ্যমান আন্তর্জাতিক বুদ্ধিস্ট সার্কিটের মহাসড়কের সঙ্গে বাংলাদেশের যুক্ত হওয়ার সুযোগ সৃষ্টি হবে। বাংলাদেশে বৌদ্ধ পর্যটকদের ভ্রমণে আগ্রহ সৃষ্টি হবে।’
তিনি বলেন, ‘ইউএনডব্লিউটিও’র মহাসচিব তালিব রাফাইসহ চীন, জাপান, কোরিয়া, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, থাইল্যান্ড, মিয়ানমার, ভুটান, নেপাল, ভারত ও শ্রীলঙ্কার পর্যটনমন্ত্রী এবং সরকারি-বেসরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা সম্মেলনে অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। এ ছাড়া আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পর্যটন বিশেষজ্ঞরা স্পিকার হিসেবে অংশগ্রহণ করবেন।’
এ কনফারেন্সের প্রাক প্রস্তুতির অংশ হিসেবে আগামী ১ সেপ্টেম্বর রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ন্যাশনাল ওয়ার্কশপের আয়োজন করেছে বলে জানান পর্যটনমন্ত্রী।
সরকারে ওয়ার্কপ্ল্যান অনুযায়ী এ আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হচ্ছে জানিয়ে রাশেদ খান বলেন, ‘ভবিষ্যতে ইসলামিক ও হিন্দু সম্প্রদায়ের স্থাপনাগুলো নিয়ে এ ধরণের সম্মেলন করার পরিকল্পনাও আমাদের আছে।’
সংবাদ সম্মেলনে বিমান ও পর্যটন সচিব খোরশেদ আলম চৌধুরী উপস্থিত ছিলেন।
এএইচ





