শনিবার সকাল ৮টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে। আগুনে রিসোর্টের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, কক্সবাজারে টুপটুপ রিসোর্টে মোট ১৮ জন পর্যটক অবস্থান করছিলেন। তাদের মধ্যে দগ্ধ অবস্থায় ৭ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনা অনুসন্ধানে জেলা প্রশাসকের নেতৃত্বে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এদিকে ফায়ার সার্ভিস জানিয়েছে, ‘টুপটুপ রিসোর্ট’-এর কোনো অগ্নিনিরাপত্তা লাইসেন্স ছিল না। এমনকি গত জুন মাসেও অগ্নিনিরাপত্তা ব্যবস্থা উন্নত করার জন্য তাদের ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সতর্ক করা হয়েছিল।
স্থানীয় সংবাদকর্মী শামিমুল ইসলাম ফয়সাল জানান, ভোরে হঠাৎ রিসোর্টটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে উদ্ধার তৎপরতা চালিয়ে সকাল ১০টা পর্যন্ত ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও অন্তত পাঁচজন নিখোঁজ থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন।

ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ রিমন ঘোস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার তৎপরতায় অংশ নেয়। এখন পর্যন্ত ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও কেউ নিখোঁজ রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এমএম














