একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসি কার্যকর হওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর গায়েবানা জানাযা বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম প্যারেড গ্রাউন্ডে এই গায়েবানা জানাযা অনুষ্ঠিত হবে বলে সাকা চৌধুরীর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
গায়েবানা জানাযায় অংশগ্রহণের জন্য বিএনপির সর্বোচ্চরের নেতা কর্মী ও চট্টগ্রামের সাধারণ মানুষের প্রতি আহবান জানিয়েছেন সাকা চৌধুরীর ভাই গিয়াস কাদের চৌধুরী ও ছেলে হুম্মাম কাদের চৌধুরী।
এর আগে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসি কার্যকরের পর রোববার সকালে রাউজানের গহিরা গ্রামে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয় বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে।
সকাল ৯টা ১৫ মিনিটে লাশবাহী গাড়ি পৌঁছায় চট্টগ্রামের রাউজানে। সকাল সাড়ে ৯টায় জানাযা সম্পন্ন হয়। স্থানীয় মসজিদ প্রাঙ্গনে তার জানাযা নামাজ পড়ান ফটিকছড়ির মাদ্রাসা শিক্ষক মাওলানা মুহিববুল্লাহ বাবুনগরী। জানাযায় ব্যাপক মুসুল্লির সমাগম হয়।
চট্টগ্রামে নিজস্ব প্রতিনিধি ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সালাউদ্দিন কাদের চৌধুরীর নামাজে জানাযার মাঠ ছিল কানায় কানায় পূর্ণ। মাঠের বাইরেও স্থানীয় অনেক মানুষ জানাযায় অংশ নেন।
পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, সাকা চৌধুরীর প্রয়াত ভাই সাইফুদ্দিন কাদের চৌধুরীর কবরের পাশে তাকে দাফন করা হয়। শনিবার রাত ১১টার পর থেকেই পুলিশ-র্যাব ও এপিবিএন সদস্যরা সেখানে অবস্থান নেয়।
এছাড়া গহিরা গ্রামে সাকাদের বাড়ি 'বাইতুল বিলাল'র সামনে, গহিরা বাজার ও রাউজানের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান দেখা যায়।
প্রসঙ্গত, শনিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে ঢাকার কেন্দ্রীয় কারাগারে সাকার ফাঁসি কার্যকর করা হয়। এরপর লাশ নিয়ে রাউজানের উদ্দেশে রওনা হন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
কেবি





