ডিবি পুলিশ পরিচয় দিয়ে টাকা আদায়ের সময় দুই ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে রংপুরের গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার বিকালে ফরহাদ (২৮) ও বেলায়েত নামের এই দুই ভুয়া ডিবিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পূর্বগেট থেকে আটক করা হয়।
ডিবি পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) জুয়েলের নেতৃত্বে সহকারী উপপরিদর্শক (এএসআই) হালিম ও সাঈদ তাদের আটক করেন।
এএসআই জুয়েল জানান, সোমবার সকালে মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ী বহুমুখী উচ্চবিদ্যালয়ের শিক্ষক ইয়াছিন আলীকে ডিবি পুলিশ পরিচয়ে ফোন দেয় ফরহাদ। মোবাইলে শিক্ষক ইয়াছিন আলীকে জানানো হয় তার নামে মামলা রয়েছে। মামলা থেকে নাম বাদ দিতে হলে টাকা দিতে হবে। এ পরিস্থিতিতে শিক্ষক ইয়াছিন আলী মিঠাপুকুরের উপজেলা চেয়ারম্যান জাকির হোসেনকে বিষয়টি অবগত করেন।
চেয়ারম্যান জাকির হোসেন সরকার ঐ মোবাইল নম্বর নিয়ে কথা বললে তাকে উল্টাপাল্টা কথা বলা হয়। পরে জাকির হোসেন সরকার ডিবি পরিচয়দানকারীর মোবাইল নম্বর রংপুরের গোয়েন্দা পুলিশকে জানান এবং সেটি পুলিশের কিনা নিশ্চিত হওয়ার জন্য অনুরোধ করেন।
রংপুর গোয়েন্দা শাখার সহকারী উপপরিদর্শক (এএসআই) জুয়েল পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে কৌশলে আসামি সেজে ওই নাম্বারে ফোন দিলে তাকেও ডিবি পুলিশ পরিচয় দেন ফরহাদ। ফোনে আরও জানানো হয় মোট ১৬ জনের নামে মামলা রয়েছে। আর এসময় ফরহাদ তার ঊর্ধ্বতন স্যারের সঙ্গে কথা বলতে বলেন। ডিবি পুলিশের স্যার সেজে কথা বলেন বেলায়েত নামের আর একজন। ৩০ হাজার টাকা দিলে মামলা হবে না বলেও জানানো হয়।
এ সময় সহকারী উপপরিদর্শক (এএসআই) জুয়েল কৌশলে অনেক অনুরোধ করে ৭ হাজার টাকা দিতে রাজি হয়। তবে বিকাশ নম্বরে টাকা দিতে হবে এই মর্মে একটি বিকাশ নম্বরও দেওয়া হয় এএসআই জুয়েলকে। পরে পুলিশ এই নম্বরটি কোন এলাকার তা নিশ্চিত হয়ে মেডিকেলের পূর্বগেট এলাকায় বিকাশের দোকানে অবস্থান নেন। পরে তাদের আটক করা হয়। এ ঘটনায় তাদের নামে মামলার প্রস্তুতি চলছে।
কেএইচ





