কর্ণফুলী নদীর তীর ঘেঁষে নগরীর ফিরিঙ্গিবাজার ব্রিজঘাট থেকে কর্ণফুলি সেতু পর্যন্ত নির্মিত ১ দশমিক ৩০ কিলোমিটার দৈর্ঘ্যের মেরিনার্স সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে এডিপি’র অর্থায়নে প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়কটির উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র মনজুর আলম।
এ উপলক্ষে ব্রিজঘাটে আয়োজিত অনুষ্ঠানে ফিরিঙ্গিবাজার ওয়ার্ড কাউন্সিলর এম. জহিরুল আলম দোভাষের সভাপতিত্বে মেয়র মনজুর আলম বলেন, ‘দক্ষিণ চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজারের নাগরিকদের চলাচলের সুবিধার্থে মেরিনার্স সড়ক নির্মাণ করা হয়েছে। রাজাখালী ব্রিজটি নির্মিত হলে শাহ আমানত ব্রিজের সঙ্গে এর সরাসরি সংযোগ স্থাপিত হবে। এর ফলে নাগরিকদের চলাচল আরো সহজতর হবে।’
তিনি বলেন, ‘অচিরেই মেরিনার্স সড়ককে চারলেনে উন্নীত করা হবে এবং এ প্রকল্প বাস্তবায়নে প্রায় ২৫ কোটি টাকা খরচ করা হবে।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর) ফারুক আহমদ, প্যানেল মেয়র লায়ন মোহাম্মদ হোসেন, রাজনৈতিক ব্যক্তিত্ব শফিক আদনান, হারুন জামাল, রফিকুল হোসেন বাচ্চু, আকতার খান, কাউন্সিলর ইসমাইল বালি।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে মেয়র মোহাম্মদ মনজুর আলম কাউন্সিলর ও কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সড়কের উপর দিয়ে গাড়ি চালিয়ে সড়ক প্রদক্ষিণ করেন।
ঢাকা, ২৩ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





