চট্টগ্রামে নৌবাহিনীর সংরক্ষিত এলাকায় দু’টি মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনায় তিনটি অবিস্ফোরিত বোমাসহ দু’জনকে আটক আটক করা হয়েছে।শুক্রবার রাতে তাদের আটক করা হয়।

এর আগে শুক্রবার দুপুরে পতেঙ্গায় নৌবাহিনীর সংরক্ষিত এলাকা বিএনএস ঈশা খাঁ ঘাঁটিসংলগ্ন মসজিদ ও নেভি হাসপাতালসংলগ্ন দুটি মসজিদে মুসল্লিদের ওপর বোমা হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় অন্তত ছয়জন মুসল্লি আহত হয়েছেন।

সূত্র জানায়, জুমার নামাজ শুরুর দু-এক মিনিট পরই অতর্কিতে মুসল্লিবেশে থাকা যুবক পরপর দুটি বোমা ছুড়ে মারে। প্রচণ্ড শব্দে দুটি বোমার বিস্ফোরণ ঘটে। প্রায় একই সময়ে ঘাঁটির অভ্যন্তরে নেভি হাসপাতালসংলগ্ন অপর একটি মসজিদেও একটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়।

এ সময় মসজিদে মুসল্লিদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থল থেকে মুসল্লিরা তিনটি অবিস্ফোরিত বোমাসহ দু’জনকে আটক করেন। এর মধ্যে একজনের নাম রমজান আরেকজনের নাম মান্নান। আহতদের মধ্যে পাঁচজনকে স্থানীয় নেভি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

একজনকে নেয়া হয়েছে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার দেবদাস ভট্টাচার্যসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। পুলিশের বিস্ফোরক নিষ্ক্রিয়করণ টিমও ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করা বোমা নিষ্ক্রিয় করে।

এদিকে সংরক্ষিত এলাকায় মসজিদে বোমা বিস্ফোরণের পর নগরীর সব প্রবেশপথে বসানো হয়েছে চেক পোস্ট। এছাড়া নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে মোড়েও যানবাহনে চালানো হচ্ছে তল্লাশি। ঈশা খাঁ ঘাঁটির বাইরে অতিরিক্ত র‌্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রগুলো বলেছে, পতেঙ্গায় ঈশা খাঁ ঘাঁটিসংলগ্ন নৌবাহিনীর মসজিদে শুক্রবার জুমার নামাজ শুরু হয়। ইমাম যখন সুরা ফাতেহা পাঠ শেষ করছিলেন ঠিক সেই সময়ে মুসল্লিবেশে দু’যুবক পরপর দুটি বোমা মুসল্লিদের লক্ষ্য করে নিক্ষেপ করে।

দুটি বোমা প্রচণ্ড শব্দে বিস্ফোরিত হলে আতংকিত মুসল্লিরা দিগি¦দিক ছোটাছুটি শুরু করেন। একপর্যায়ে মুসল্লিরা দু’যুবককে আটক করেন। হামলায় আহতদের নাম-পরিচয় বিস্তারিত জানা যায়নি।

ঘটনার পরপর বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মীরা পতেঙ্গায় নৌবাহিনীর ঈশা খাঁ ঘাঁটি গেটে সংবাদ সংগ্রহের জন্য গেলেও কাউকে ভেতরে প্রবেশ করতে দেয়া হয়নি।

যেহেতু এটি সংরক্ষিত এলাকা তাই এতে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। ঘটনাস্থলে উপস্থিত সিএমপির উপ-কমিশনার (বন্দর) হারুনুর রশীদ হাজারীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মসজিদে বোমা হামলার সত্যতা নিশ্চিত করেন।

তবে কারা, কেন এ হামলা করেছে, হতাহত কতজন, আটক আছে কতজন, আটকরা কোনো জঙ্গি গোষ্ঠীর সদস্য কিনা- এসব বিষয়ে কোনো ধরনের তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন। তিনি বলেন, যেহেতু রাষ্ট্রীয় একটি গুরুত্বপূর্ণ বাহিনীর সংরক্ষিত এলাকায় ঘটনা ঘটেছে তাই এ বিষয়ে বিস্তারিত কিছুই বলা যাবে না।

ইপিজেড থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়করণ টিম পৌঁছেছে। অবিস্ফোরিত বোমাগুলো নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে। এছাড়া ঘটনাস্থলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত হয়েছেন।

আইএসপিআরের বিজ্ঞপ্তি: চট্টগ্রামে নৌবাহিনী ঘাঁটির ঈশা খাঁ মসজিদে শুক্রবার দুপুরে জুমার নামাজের পর দুটি ককটেল বিস্ফোরিত হয়েছে। এ মসজিদে বাইরে থেকে মুসল্লিরাও নামাজ পড়তে আসেন। বিস্ফোরণে ৫-৬ জন সামান্য আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে অবিস্ফোরিত আরও কয়েকটি বিস্ফোরকসহ একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও তদন্ত চলছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) কর্মকর্তা মুহাম্মদ শাহাদাৎ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এআই