সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অভিযানে আন্ত:জেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার করা হয়েছে। শাহপরাণ ও কোতোয়ালি থানা পুলিশ গত কয়েকদিন যৌথ অভিযান চালিয়ে তাদেরকে সিলেটসহ দেশের বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা সিলেট শহর ও শহরতলীতে একাধিক ডাকাতির ঘটনা ঘটিয়েছে বলে পুলিশ জানায়।

রোববার বেলা ১২টার দিকে সিলেট কোতোয়ালি থানায় গ্রেফতারকৃতদেরকে নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে মেট্রোপলিটন পুলিশ। সংবাদ সম্মেলনে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (গণমাধ্যম) রহমত উল্লাহ উপস্থিত ছিলেন। এসময় তিনি সাংবাদিকদের কাছে আন্ত:জেলা ডাকাতদলের সদস্যদের গ্রেফতারের সার্বিক তথ্য উপস্থাপন করেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সিলেটে আন্ত:জেলা ডাকাত দলের সদস্যদেরকে গ্রেফতার করার জন্য সম্প্রতি সিলেট মেট্রোপলিটন পুলিশ শাহপরাণ থানার সহকারি পুলিশ কমিশনার সাজ্জাদুল আলম ও কোতোয়ালি থানার সহকারি পুলিশ কমিশনার নূরুল হুদা আশরাফীর নেতৃত্বে একটি চৌকস টিম গঠন করা হয়। এ টিমের সদস্যরা গত কয়েকদিন বেশ কয়েকটি স্থানে অভিযান চালায়।

গত বৃহস্পতিবার ব্রাক্ষণবাড়িয়ার আশুগঞ্জ থেকে আন্ত:জেলা ডাকাতদলের কয়েকজন সদস্যকে গ্রেফতার করে সিলেট মেট্রোপলিটন পুলিশ। ওই চক্রকে গ্রেফতারের পর তাদের দেয়া তথ্য মতে পুলিশ অভিযান চালিয়ে ৬জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হচ্ছে-সিলেটের মোগলাবাজার থানার মোহাম্মদপুর মজিদপুরের মৃত চিনা মিয়ার ছেলে লোকমান হোসেন (২২), পিরোজপুরের ভান্ডারিয়া থানার আতরখালি গ্রামের মৃত ইউনুছ শেখের ছেলে রাজু শেখ (২২), খুলনা জেলার খানজাহান আলী থানার সিরামনি বাদামতলার মৃত ইনছান শেখের ছেলে আসলাম শেখ (২৬), খুলনার সোনা ডাঙ্গা থানার আল আমিন এলাকার বাচ্চু সর্দারের ছেলে মাসুম সর্দার (২৫), বর্তমানে সে ঢাকার কদমতলী থানার রায়েরবাগের বুলবুল মিয়ার ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে, বাগেরহাট সদর থানার পাঠুরপাড়া এলাকার জুবেদ আলীর ছেলে রানা শেখ (২৫), খুলনার খানজাহান আলী থানার সিরামণি বাদামতলা এলাকার ইসলাম হোসেনের ছেলে বাবু হোসেন (২৬)।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, গ্রেফতারকৃতরা সিলেট নগরীর সুরমা আবাসিক এলাকা, নেহারি পাড়া, যতরপুরসহ বেশ কয়েকটি এলাকায় ডাকাতির ঘটনা ঘটিয়েছে বলে পুলিশের কাছে স্বীকার করেছে। এছাড়াও গ্রেফতারকৃতদের দেয়া তথ্য মত পুলিশ নগদ টাকা, স্বর্ণালংকার, ল্যাপটপসহ বিভিন্ন ধরণের মালামাল উদ্ধার করেছে।

সংবাদ সম্মেলনে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (গণমাধ্যম) রহমত উল্লাহ জানান, গ্রেফতারকৃতদেরকে রিমান্ডে নিয়ে আরো জিজ্ঞাসাবাদ করা হবে। এজন্য আদালতে রিমান্ডের আবেদন করা হবে। অবশিষ্ট আন্ত:জেলা ডাকাতদলের সদস্যদেরকে গ্রেফতার করতে পুলিশী অভিযান অব্যাহত আছে।

এছাড়াও ডাকাতদলকে গ্রেফতারের জন্য গঠিত বিশেষ টিমের অন্যান্য সদস্যরা হচ্ছেন- কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মোশারফ হোসেন, এসআই ফায়েজ উদ্দিন ফয়েজ, এসআই ইবাদুল্লাহ, এএসআই আনোয়ার হোসেন, এএসআই সঞ্জয় সঞ্জয় চন্দ্র দে, এএসআই উবায়দুর রহমান, এএসআই ইমাম আহম্মেদ রাজু।

এমআইএস