লাইসেন্স না থাকা, নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশের অভিযোগে নগরীর আগ্রাবাদের আখতারুজ্জামান সেন্টারের ছয়টি রেস্টুরেন্টকে ৮৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামিন এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামিন জানান, এসব রেস্টুরেন্টে অভিযানের সময় ডিলিং লাইসেন্স হালনাগাদ না থাকা, রেস্টুরেন্টের নোংরা ও আস্বাস্থকর পরিবেশে খাদ্য সংরক্ষণ ও পরিবেশন করছিল। এ অপরাধে ছয়টি রেস্টুরেন্টকে বিশুদ্ধ খাদ্য অধ্যাদেশ, ১৯৫৯ এবং বাংলাদেশ হোটেল ও রেস্তোরা অধ্যাদেশ, ১৯৮২-এর বিভিন্ন ধারায় মোট ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে পুলিশের পাশাপাশি বিএসটিআইয়ের ফিল্ড অফিসার ফারহানা জাহান পারুলও অংশ নেন।
যেসব রেস্টুরেন্টকে জরিমানা করা হয়- ফুড হেভেনকে ১৫ হাজার টাকা, ফ্যান্টাসি সেন্টারকে ১৫ হাজার টাকা, এএফসিকে ১৫ হাজার টাকা, মিট ফাস্টফুডকে ১৫ হাজার টাকা, মজাকে ১৫ হাজার টাকা, হাজী বিরিয়ানিকে ১০ হাজার টাকা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামিন বলেন, ‘খাবারের মান নিয়ন্ত্রণ এবং সাস্থ্যসম্মত খাবার নিশ্চিতকরণে প্রশাসন বদ্ধপরিকর। ভেজাল খাদ্য নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
জেআই





